ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক তিনটি পৃথক ঘটনা তদন্তের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাতিষ্ঠানিক পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তদন্তাধীন বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের বিতর্কিত নেতা আবদুল মালেকের ছবি প্রদর্শন। এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক করা হয়েছে প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন)। এই কমিটির অন্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টর। এস্টেট ম্যানেজার এই কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, ডাকসু কর্তৃক ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামের একটি নতুন ওয়েবসাইট চালুর পেছনে প্রশাসনিক অনুমোদন ও কারিগরি দিকগুলো যাচাই করতে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং সদস্য হিসেবে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
তৃতীয় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলাভবন-সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামের দুটি স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়টি খতিয়ে দেখার জন্য। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়কও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এস্টেট ম্যানেজারকে এই কমিটিরও সদস্যসচিব করা হয়েছে।






























