কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে রিপাবলিকান পার্টির শীর্ষ নেতৃত্বের জন্য এক বড় রাজনৈতিক সংকট তৈরি করেছেন কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি। ১৫ সেপ্টেম্বর তিনি পেন্টাগন প্রধান পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন। হাউস ফ্লোরে দেওয়া বক্তব্যে ম্যাসি অভিযোগ করেন যে, হেগসেথ তার দাপ্তরিক শপথ ভঙ্গ করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন।
ম্যাসির প্রধান অভিযোগ হলো, হেগসেথ কংগ্রেসের কোনো প্রকার অনুমোদন ছাড়াই ইরান যুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে সংবিধান লঙ্ঘন করেছেন। ম্যাসি বলেন, এই দাপ্তরিক অপব্যবহার কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব পালনের পথকে রুদ্ধ করেছে। পাশাপাশি ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড এবং দেশটির সাবেক প্রেসিডেন্টকে আটকের বিষয়েও তিনি সমালোচনা করেন। পেন্টাগনের প্রেস কর্পসের আকার কমিয়ে আনার মাধ্যমে হেগসেথ সাংবাদিকতার ওপর নজরদারি বাধাগ্রস্ত করছেন বলেও তিনি অভিযোগ তোলেন।
মধ্যপ্রাচ্যের সংঘাতের শুরুতে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় শতাধিক শিশুর মৃত্যু নিয়ে ম্যাসি বিশেষ উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এই হামলা পেন্টাগনের লক্ষ্য নির্ধারণ প্রক্রিয়ায় পদ্ধতিগত ব্যর্থতাকে উন্মোচিত করেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শাজারাহ তাইয়েবেহ স্কুলে চালানো ওই বিমান হামলায় অন্তত ১৬৮ জন নিহত হয়, যাদের অধিকাংশই শিশু। তবে পেন্টাগন এখনো সেই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন অবশ্য হেগসেথের কঠোর সমালোচনাকে উড়িয়ে দিয়ে তাকে একজন 'রূপান্তরকারী নেতা' হিসেবে অভিহিত করেছেন। উইলসন দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং সচিব হেগসেথের নেতৃত্বে পেন্টাগন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ইউনিফাইড।
উল্লেখ্য, থমাস ম্যাসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। তিনি রিপাবলিকান প্রার্থী এড গালরেইনের কাছে নিজের নির্বাচনী এলাকায় পরাজিত হয়েছেন, যাকে ট্রাম্প ও হেগসেথ উভয়েই সমর্থন দিয়েছিলেন। গত ১৮ মে এক সমাবেশে হেগসেথ ম্যাসির সমালোচনা করে বলেছিলেন, ওয়াশিংটনে এমন লোক প্রয়োজন যারা ট্রাম্পকে জেতাতে সাহায্য করবে, কেবল নিজেদের মত প্রচার করবে না।































