কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে তথাকথিত 'হুমকি ও বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা'র ধারণা প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের নেতিবাচক বয়ান বৈশ্বিক এআই শাসন ব্যবস্থাকে ব্যাহত করছে এবং এটি কারো জন্যই কল্যাণকর নয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার সাংবাদিকদের বলেন, 'হুমকি, সংঘাত এবং বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার বয়ান কেবল বৈশ্বিক এআই শাসনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, যা কারো স্বার্থ রক্ষা করে না।' তিনি আরও বলেন, সব পক্ষের উচিত এআই প্রযুক্তির উন্নয়নকে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং জনকল্যাণমুখী হিসেবে এগিয়ে নেওয়া।
সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। অ্যানথ্রপিক সিইও দারিও আমোদি এআই উন্নয়ন ধীর করার আহ্বান জানিয়েছেন, তবে তিনি এমনভাবে তা করতে চেয়েছেন যাতে চীন এআই প্রতিযোগিতায় এগিয়ে না যায়। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকার হলো চীনের চেয়ে দ্রুতগতিতে এআই প্রযুক্তি উদ্ভাবন করা।
সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সহকারী অধ্যাপক চ্যাং জুন ইয়ান মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই উন্নয়ন নিয়ন্ত্রণে কোনো সমঝোতা হওয়া প্রায় অসম্ভব। তার মতে, প্রতিটি রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মূল স্বার্থের অংশ হিসেবে এআই প্রযুক্তিতে ধীরগতি বা সুরক্ষা নিশ্চিত করতে সহযোগিতা করার সম্ভাবনা খুবই কম।
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন এআই প্রযুক্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে লিপ্ত। মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের এআই উদ্ভাবন অব্যাহত রয়েছে। তবে অনেক বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে আছে এবং চীনা প্রতিষ্ঠানগুলো বিপুল বিনিয়োগের অভাবে হিমশিম খাচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেও এআই-এর ঝুঁকি নিয়ে কথা বলেছেন। দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রী চেন ইক্সিন রবিবার জানিয়েছেন, চীনকে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তিনি এআই-এর অপব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থার মতো 'শত্রু শক্তির' তৎপরতা সম্পর্কে সতর্ক করেছেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন।
এদিকে, এআই নিয়ন্ত্রণের বিষয়ে মার্কিন কোম্পানিগুলোর শীর্ষ কর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এআই উন্নয়নে আরও নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প এআই ঝুঁকিকে তেমন গুরুত্ব না দিয়ে বরং প্রতিযোগিতায় এগিয়ে থাকার ওপর জোর দিয়েছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের আলোচ্যসূচিতে এআই অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এছাড়া মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও চীনের ভাইস-প্রিমিয়ার হে লিফেংয়ের মধ্যেও এ বিষয়ে আলোচনা হতে পারে।
এআই প্রযুক্তির ঝুঁকি নিয়ে অ্যানথ্রপিকের একজন গবেষক মন্তব্য করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে ধ্বংস করে ফেলার সম্ভাবনা ১০ শতাংশেরও বেশি।





























