২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন বাড়ছে। ইউগভ এবং বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকানদের মধ্যে একজন স্পষ্ট নেতা এগিয়ে থাকলেও ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।
জরিপ অনুযায়ী, ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের লড়াই দেখা যেতে পারে, যেখানে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাদের নিজ নিজ দলের প্রাথমিক মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন। ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ১২০০ জন সম্ভাব্য ভোটারের ওপর এই জরিপ চালানো হয়, যার ত্রুটির মাত্রা ৩.৩ শতাংশ।
রিপাবলিকানদের ক্ষেত্রে চিত্রটি বেশ স্পষ্ট। ৪৪ শতাংশ সমর্থন নিয়ে জেডি ভ্যান্স দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ২১ শতাংশ সমর্থন পেয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পেয়েছেন ৮ শতাংশ সমর্থন।
ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের নাম শোনা গেলেও তিনি জানিয়েছেন, কমলা হ্যারিস যদি পুনরায় নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সিএনএন-এর সাথে এক সাক্ষাৎকারে মন্টানায় মাছ ধরার সময় নিউসাম বলেন, হ্যারিস যদি প্রার্থী হন তবে তিনি নিজে লড়বেন না।
অন্যদিকে, রিপাবলিকান নেতা ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজ পুনরায় হোয়াইট হাউসের দৌড়ে থাকার ইঙ্গিত দিয়েছেন। তবে মার্কো রুবিও বর্তমানে কোনো ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। কলম্বিয়া সফরের সময় রুবিও জানান, তিনি আপাতত তার বর্তমান দায়িত্বগুলো নিয়ে শতভাগ মনোযোগী এবং কোনো নির্বাচনের প্রার্থী নন।































