জাতীয় সংসদ নির্বাচনের মতোই আসন্ন উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তির পাশাপাশি আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে কমিশন। সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।
ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে আগামী বছরের ৬ জুনের আগেই নির্বাচন শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। তবে ইউপি নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। কমিশন বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতিমূলক কাজ শেষে পরবর্তী কমিশনের সভায় তারিখ ঘোষণা করা হবে।
নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে বলে জানান ইসি সানাউল্লাহ। সাম্প্রতিক বন্যার কারণে শিক্ষা খাতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষা সংশ্লিষ্ট পক্ষগুলো কমিশনকে অনুরোধ জানিয়েছে, যাতে নির্বাচন আয়োজনের কারণে কোনোভাবেই পরীক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। এছাড়া নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষা কর্মীদের প্রস্তুতির জন্য অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন। খাতা মূল্যায়ন ও পরীক্ষার প্রাক-প্রস্তুতির বিষয়গুলোকেও কমিশন যৌক্তিক হিসেবে বিবেচনা করছে।
নির্বাচনের উপযুক্ত সময় নির্ধারণে সময়সূচির সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা চলবে। এরপর ফেব্রুয়ারির শুরু থেকে রোজা এবং পরবর্তী সময়ে এসএসসি পরীক্ষা রয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত একটি সংক্ষিপ্ত সময় পাওয়া যাবে। এই সীমিত সময়ের মধ্যে সব নির্বাচন কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে পর্যালোচনা চলছে। এছাড়া ইউপি নির্বাচনের সাত ধাপের আগের পরিকল্পনা থেকে কমিশন সরে আসেনি বলে তিনি উল্লেখ করেন। এটি ছিল প্রাক-প্রস্তুতিমূলক সভার ভিত্তিতে করা একটি সাময়িক পরিকল্পনা, যা আন্তঃমন্ত্রণালয় সভার তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর চূড়ান্ত করা হবে।



























