সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য সংবলিত অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই রাকিবুল হাসানকে ডিবিতে আনা হয়েছে। তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী যেকোনো ব্যবস্থা নেওয়ার আগে এ ধরনের অনুসন্ধান পরিচালনা করতে হয়। তবে এই অনুসন্ধান ডিবি করছে নাকি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোনো বিশেষ কমিটির অধীনে হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। রাত ১২টা পর্যন্ত রাকিবুল হাসান ডিবি কার্যালয়েই ছিলেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।
এর আগে পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান ঢাকার ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। অডিওতে তাঁকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সক্ষমতা নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে পদায়ন ও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগও তিনি তুলে ধরেন। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অডিওটি রাকিবুল হাসানেরই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
অডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বুধবারই রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এর পেছনে 'প্রশাসনিক কারণ' উল্লেখ করা হয়েছিল। অডিওর বক্তব্যের বিষয়ে জানতে রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।





























