কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে মাদারগঞ্জ-কচাকাটা সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। শুক্রবার সকাল আটটার দিকে বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এই ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত নাগেশ্বরী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে ডিলারের গুদামে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কৃষকেরা।
কৃষকদের অভিযোগ, স্থানীয় ‘ভাই ভাই মেশিনারিজে’র সার ডিলার পয়েন্টে সকাল আটটায় সার বিতরণের কথা ছিল। তবে সকালে সেখানে পৌঁছে তারা জানতে পারেন, ভোরের মধ্যেই সার বিতরণ শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন এবং কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে বের হতে বাধা দেন। তারা দাবি জানান, সার না পাওয়া পর্যন্ত ওই কর্মকর্তাকে গুদামেই থাকতে হবে।
রফিকুল ইসলাম জানান, সকাল থেকে ওই ইউনিয়নে সার বিতরণ চলছিল এবং গুদামে মোট ৮০ বস্তা সার ছিল। প্রতি পাঁচজন কৃষকের জন্য এক বস্তা করে সার বরাদ্দ ছিল। এক পর্যায়ে সার শেষ হয়ে যাওয়ায় গুদামের সামনে থাকা অনেক কৃষক সার পাননি, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
দুপুর ১২টার দিকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সাথে আলোচনা করেন। দ্রুত সার পাওয়ার বিষয়ে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কৃষকেরা অবরোধ তুলে নেন। এরপর পুলিশি নিরাপত্তায় ওই কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে ইউএনওর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।



























