স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকির (Nike) সঙ্গে দীর্ঘ দুই দশকের সম্পর্কের ইতি টানলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের আংশিক মালিকানাধীন সুইস স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘অন’ (On)-এর সঙ্গে নতুন একটি স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এই নতুন যাত্রায় এমবাপ্পের সঙ্গে যুক্ত হয়েছেন তার স্বদেশি কিংবদন্তি থিয়েরি অঁরিও (Thierry Henry), যিনি এই সুইস ব্র্যান্ডটির ফুটবল ডিরেক্টর হিসেবে কাজ করছেন।
২০১০ সালে মূলত রানিং শু প্রস্তুতকারক হিসেবে যাত্রা শুরু করা ‘অন’ এখন ফুটবল বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। ২০২৭ সালে ব্র্যান্ডটি তাদের প্রথম ফুটবল বুট বাজারে আনার পরিকল্পনা করেছে, যার প্রচারণার মূল দায়িত্বে থাকবেন এমবাপ্পে। নতুন এই অংশীদারত্ব নিয়ে উছ্বাস প্রকাশ করে এমবাপ্পে বলেন, "শুরু থেকেই 'অন'-এর যে বিষয়টি আমাকে আকর্ষণ করেছিল, তা হলো একসঙ্গে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করার সুযোগ, যা আগামী দিনের ফুটবলকে নতুন রূপ দিতে সাহায্য করবে। আমরা যা তৈরি করব, সেখানে আমি আমার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে চাই। উদ্ভাবনের মাধ্যমে যা সম্ভব তার শেষ সীমা পর্যন্ত যেতে চাই এবং ফুটবলের আনন্দকে সবসময় ধারণ করতে চাই। আমাদের একটি যৌথ স্বপ্ন রয়েছে এবং এটি কেবল শুরু মাত্র।"
আর্সেনাল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি ব্র্যান্ডটির ফুটবল ডিরেক্টর হিসেবে যোগ দিয়ে বলেন, "ফুটবলে নতুন কিছু তৈরি করতে হলে একটি সাহসী ও মৌলিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। গত এক বছরে আমি নিজে দেখেছি যে অন-এর দলটি এই প্রক্রিয়ায় কতটা কৌতূহল ও খুঁটিনাটি বিষয়ের প্রতি মনোযোগ দেয়।"
এমবাপ্পের এই দলবদল নাইকির জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে তাদের প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলো ফুটবল বাজারে দ্রুত জায়গা করে নিচ্ছে। এর আগে বিশ্বকাপজয়ী তারকা লামিন ইয়ামালও নাইকি ছেড়ে আরেক স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাসে (Adidas) যোগ দিয়েছিলেন। এমবাপ্পের বিদায় নিয়ে নাইকি এক বিবৃতিতে জানিয়েছে, "মাঠে এবং মাঠের বাইরে আমরা একসঙ্গে যা অর্জন করেছি তার জন্য আমরা গর্বিত। তার ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য আমরা শুভকামনা জানাই।"
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ও সহ-সিইও ডেভিড অ্যালেম্যান (David Allemann) বলেন, "ফুটবলকে নতুন রূপ দিতে কিলিয়ানের চেয়ে যোগ্য অংশীদার আর কেউ হতে পারে না। আমরা যখন কোনো খেলায় প্রবেশ করি, তখন সত্যিকারের উদ্ভাবন ও আধুনিক ডিজাইনের মাধ্যমে ভবিষ্যতের ব্র্যান্ড হতে চাই। মাঠ, রাস্তা ও ফ্যাশন রানওয়েতে আমরা অনের এই বিশেষ দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিতে চাই।"
































