রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার দিনব্যাপী ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মোট ছয়টি স্থানে ১০টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাত ১০টার দিকে কাফরুল থানার অদূরে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ডিএমপির মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার আবুল বাসার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা-সংলগ্ন এলাকায় একটি ফাঁকা বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। বিস্তারিত তদন্তের পরেই জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
এর কিছুক্ষণ পর রামপুরায় বিটিভি ভবনের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর আরও পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণ হয়। জুমার নামাজের পর মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে দুটি, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি, সাড়ে ছয়টার দিকে মহাখালী এলাকায় একটি, রাত আটটার দিকে বাবুবাজার ব্রিজের নিচে একটি এবং রাত নয়টার দিকে মগবাজার মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের ঘটনায় যাত্রাবাড়ী চৌরাস্তায় ইবাদুর রহমান নামের এক অটোরিকশাচালক আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি এবং পরে ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ ধারণা করছে, উড়ালসড়কের ওপর থেকে এসব ককটেল নিচে ছোড়া হয়েছে। তবে কে বা কারা এসবের সাথে জড়িত, তা এখনো নিশ্চিত নয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল ও ককটেল নিক্ষেপের ঘটনায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায়ের পর সুপ্রিম কোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।




























