২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই সেখানে খ্রিষ্টান সংখ্যালঘুদের ওপর হামলা, গির্জা ভাঙচুর ও কবরস্থান অবমাননার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একদিকে যখন আরএসএস প্রধান মোহন ভাগবত বিদেশে গিয়ে সম্প্রীতি ও ভালোবাসার কথা বলছেন, অন্যদিকে ঠিক তখনই ভারতের মাটিতে খ্রিষ্টানদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে।
গত ২৬ আগস্ট পশ্চিমবঙ্গের সুতাহাটার রাণিচক গ্রামে গৌতম বেরার বাড়িতে প্রায় ৫০ জন মানুষ বাইবেল পাঠ ও প্রার্থনার জন্য একত্রিত হয়েছিলেন। এই পারিবারিক প্রার্থনাসভায় উপস্থিতদের অনেকেই ছিলেন হিন্দু, যারা বেরা পরিবারের বন্ধু ও পরিচিত। কিন্তু হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা খবর পায় যে সেখানে একজন খ্রিষ্টান যাজক হিন্দুদের ধর্মান্তরিত করতে এসেছেন। এই খবর পেয়ে তাদের কয়েকজন গৌতম বেরার বাড়ির দিকে রওনা হন এবং একজন ফেসবুকে লাইভ সম্প্রচার শুরু করেন। তারা বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে উপস্থিত লোকজনকে গালিগালাজ করে বের করে দেয় এবং কয়েকজনের ওপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গেরুয়া পতাকাধারী হামলাকারীরা অত্যন্ত কর্কশ ও উচ্চস্বরে প্রার্থনাকারীদের ‘হরে কৃষ্ণ, হরে রাম’ এবং ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করছে। একটি ভিডিওতে পুলিশকে প্রার্থনাকারীদের গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়, যেখানে ভিড়ের মধ্য থেকে ‘ওদের মারো, ওদের মারো!’ বলে চিৎকার করা হচ্ছিল। হামলাকারীরা চিৎকার করে বলছিল, “তোমরা হিন্দু। ঘরে দেবদেবীর মূর্তি থাকতে কীভাবে একজন ফাদারকে এনে খ্রিষ্টধর্ম চর্চা করছ? তারা এখন যিশুর ব্যবসা শুরু করেছে। দেখ, আমরা একটা বাইবেল পেয়েছি!”
প্রার্থনাসভায় বাইবেল পাঠ করা যাজক জয় কুমার ঘুঘু জানান, পুলিশ প্রথমে তারসহ ১৭ জন প্রার্থনাকারীকে চিকিৎসার জন্য সুতাহাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এরপর তাদের সুতাহাটা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মোবাইল ফোন পরীক্ষা করা হয়। রাত ৮টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। যাজক জয় কুমার ঘুঘু দ্য ডিপ্লোম্যাটকে বলেন, “আমরা হামলাকারীদের বিরুদ্ধে কোনো পুলিশ অভিযোগ করিনি, কারণ যিশু আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। আমরা তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করব।” তবে তিনি প্রশ্ন তোলেন, ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদে যেখানে সব নাগরিককে স্বাধীনভাবে ধর্ম বিশ্বাস, চর্চা ও প্রচারের অধিকার দেওয়া হয়েছে, সেখানে খ্রিষ্টধর্ম প্রচারের ওপর কেন আপত্তি তোলা হবে? তিনি স্পষ্ট করে বলেন, “আমরা কাউকে খ্রিষ্টান করার জন্য টাকা দিচ্ছি না।”
বিজেপির জ্যেষ্ঠ নেতা অমিত মালব্য এই ঘটনাকে এবং আরও দুটি ঘটনাকে ‘প্রার্থনাসভায় স্থানীয় বিচ্ছিন্ন আপত্তি’ হিসেবে বর্ণনা করে বলেন যে পুলিশ এগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করেছে। তবে হামলাকারীদের নিজেদের পোস্ট করা ভিডিও অন্য কথা বলে। হামলাকারীরা নিজেদের ‘শ্রী রাম জন্মোৎসব সমিতি’র সদস্য বলে পরিচয় দেয়, যা আরএসএসের সাথে তাদের সংশ্লিষ্টতা গোপন করে না। এই সমিতির ফেসবুক পেজে নিয়মিত আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মতো সহযোগী সংগঠনগুলোর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পোস্ট করা হয়। সুতাহাটায় ভিডিও ধারণকারী একজন নিজেকে ভিএইচপির সদস্য হিসেবে পরিচয় দিয়ে দর্শকদের বলেন, “ওদের যেখানেই দেখবে ঝাঁটা দিয়ে পেটাবে। এরা সন্ত্রাসীদের চেয়েও অধম।” এছাড়া ভিএইচপির যুব শাখা বজরং দলের চেইতনপুর ইউনিটের সদস্যরা একটি ভিডিওতে বলে, “সনাতন ধর্মই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমাদের চিহ্নিত করা লোকজনকে যেখানেই দেখবে, আমাদের জানাবে।” হামলার কয়েক ঘণ্টা পর সমিতি তাদের ফেসবুক পেজে সতর্কবার্তা দিয়ে লেখে, “‘গড দ্য ফাদার’-এর নামে যারা ধর্মীয় প্রচার চালাচ্ছে, তাদের জন্য এটি সতর্কবার্তা; যদি আমরা তোমাদের ধরি, তবে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।”
এই ধরনের কর্মকাণ্ডের কারণেই সম্প্রতি একটি ডাটাবেসে আরএসএস এবং তাদের সহযোগী সংগঠনগুলোর জোট ‘সংঘ পরিবার’কে ইতিহাসের বৃহত্তম উগ্র ডানপন্থী নেটওয়ার্ক হিসেবে অভিহিত করা হয়েছে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএসকে বিশ্বের বৃহত্তম এনজিও (বেসরকারি সংস্থা) বলে অভিহিত করেছেন। সংগঠনের এই স্ববিরোধিতা মূলত বিদেশে নিজেদের একটি ভিন্ন ভাবমূর্তি তুলে ধরার চেষ্টার অংশ।
গত সেপ্টেম্বর মাসের শুরুতে লন্ডনে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, হিন্দু সভ্যতার পরিচয় এই ধারণার ওপর প্রতিষ্ঠিত যে বৈচিত্র্য ও ঐক্য একসঙ্গে সহাবস্থান করতে পারে। আরএসএসের শতবর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি কাউকে কাউকে বলতে শুনেছি যে তীব্র ঘৃণাই আমাদের কাজের ভিত্তি। বিষয়টি আসলে সম্পূর্ণ উল্টো। ‘শুদ্ধ সাত্বিক প্রেম’ (পবিত্র ও ঐশ্বরিক ভালোবাসা)-ই আমাদের কাজের ভিত্তি।” এর আগে ২৯ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’-এ ভাগবত বলেন, “নিজেকে হিন্দু বলতে হলে বিশ্বাস করতে হবে যে সব পথ একই গন্তব্যে নিয়ে যায় এবং প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই।” তিনি বৈচিত্র্যকে ঐক্যের অলংকার হিসেবে বর্ণনা করে বলেন, একে গ্রহণ করতে হবে, সম্মান করতে হবে এবং রক্ষা করতে হবে।
অথচ ভাগবত যখন বিদেশে ভালোবাসা ও ঐক্যের বাণী ছড়াচ্ছিলেন, ঠিক তার পরদিনই পশ্চিমবঙ্গে আরএসএস-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কর্মীরা তিনটি পৃথক খ্রিষ্টান প্রার্থনাসভায় হামলা চালায় এবং অংশগ্রহণকারীদের হেনস্তা করে। আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের শুরুতে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া কিছু হামলার বিবরণ নিচে দেওয়া হলো:
২৩ আগস্ট: হাওড়া জেলার উলুবেড়িয়ায় একদল হামলাকারী একটি গির্জায় প্রবেশ করে প্রার্থনা কক্ষ ভাঙচুর করে এবং উপস্থিত কয়েকজনকে মারধর করে। একই দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের বাণীবেড়িয়া এলাকায় বজরং দলের কর্মীরা একটি খ্রিষ্টান প্রার্থনাসভা বন্ধ করে দেয়।৩০ আগস্ট: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নিজ বাড়িতে খ্রিষ্টান প্রার্থনাসভা আয়োজনের জন্য এক আইনজীবীকে মারধর করে বজরং দলের কর্মীরা। হাওড়া জেলার জগতবল্লভপুরে এবং উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে রবিবার ও অন্যান্য প্রার্থনাসভায় হামলা ও ভাঙচুর চালানো হয়।১ সেপ্টেম্বর: উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ রূপমারী বাজারে খ্রিষ্টানদের দ্বারা পরিচালিত একটি স্কুল তালাবদ্ধ করে দেয় আরএসএসের আরেক সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ। বিক্ষোভকারীরা গণমাধ্যমকে বলে, “তাদের দেওয়ালে শুধু যিশুর ছবি! কোনো হিন্দু দেবদেবী নেই! এমন কেন হবে? তারা কেন শিশুদের যিশুর জীবন সম্পর্কে শেখাচ্ছে? এই স্কুল বন্ধ করতে হবে।”৭ সেপ্টেম্বর: হাওড়া জেলার বালির একটি অস্থায়ী গির্জায় ভিএইচপি ও বজরং দলের কর্মীরা প্রার্থনাসভা বন্ধ করে দেয় এবং খ্রিষ্টধর্ম প্রচার করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।৯ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ভিএইচপি ও বজরং দলের কর্মীরা একটি বাড়িতে গিয়ে মানুষকে তারা কার উপাসনা করে তা নিয়ে জেরা করে এবং যিশুর কাছে প্রার্থনা করার বিরোধিতা করে।১১ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মামুদপুরে আরেকটি প্রার্থনাসভায় হুমকি দেয় বজরং দলের কর্মীরা।১২ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালডিতে একটি পারিবারিক প্রার্থনাসভায় হামলা চালিয়ে ভিএইচপি কর্মীরা যিশুর সব ছবি ছিঁড়ে ফেলার নির্দেশ দেয় এবং সভা স্থায়ীভাবে বন্ধ করতে বলে। তারা চিৎকার করে বলতে থাকে, “যিশু কেন? যিশু কেন? তোমরা যার কাছেই অভিযোগ করো না কেন, বলে দিও আমরা ভিএইচপি এবং বজরং দলের লোক। কার কত ক্ষমতা আমরা দেখে নেব।”এর পরদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একদল হিন্দুত্ববাদী হামলাকারী প্রার্থনাকারীদের গালিগালাজ করছে এবং ‘পরম পিতা’ (গড দ্য ফাদার)-এর ওপর লেখা বই ছিঁড়ে ফেলছে। তারা চিৎকার করে বলছিল, “গড দ্য ফাদার আবার কী? তোমরা গীতা পড়ো না কেন বা হরে কৃষ্ণ জপ করো না কেন?”
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সমিরুল ইসলাম, যার দল গত মে মাসের নির্বাচনে বিজেপির কাছে ১৫ বছর পর ক্ষমতা হারিয়েছে, অভিযোগ করেছেন যে খ্রিষ্টানদের অবাধে ধর্মচর্চা ও প্রচারের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তিনি দ্য ডিপ্লোম্যাটকে বলেন, “এটি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সাংবিধানিক চেতনার ওপর একটি বড় আঘাত।”



























