বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন সুগন্ধা নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। শুক্রবার রাতের আঁধারে শুরু হওয়া আকস্মিক এই ভাঙনে বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়ে একটি পুরোনো মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা ও দুটি দোকানসহ গাছপালা ও বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে।
শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই ভাঙন শনিবার দিনভরও অব্যাহত ছিল। নদীর পাড়ে একের পর এক ধস নামায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে নবনির্মিত খেয়াঘাট জামে মসজিদ, একাধিক দোকান, বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটসংলগ্ন সংযোগ সড়ক এবং বিআইডব্লিউটিএর পন্টুন ভাঙনের মুখে রয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাবুগঞ্জ বাজারের অস্তিত্ব হুমকিতে পড়বে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁর ভাঙনে বছরের পর বছর ধরে বাবুগঞ্জের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকায় সম্পদ ও ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় বাসিন্দা রিয়াজ আদনান দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবালের কাছে বারবার ভাঙনের ভয়াবহতা সম্পর্কে আবেদন জানানো হলেও কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা দেখা যায়নি। এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে বাজার রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৮



























