দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতিবিষয়ক সর্বশেষ নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫২ জনের। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে ২০ হাজার ৪৭৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া, একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।































