দেশের বিদ্যমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাস্তার দুই পাশে কিংবা কোনো অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এক জরুরি নির্দেশনায় এই আহ্বান জানান।
নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, প্রতিদিনের চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষতি কিংবা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংগঠনটির মহাসচিব।
এদিকে, রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। শনিবার ডিএমপি এক বার্তায় জানায়, নিরাপত্তার অংশ হিসেবে ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে।




























