কঙ্গোর ইতোরি প্রদেশের বুনিয়া শহরে স্বাস্থ্যকর্মীদের ইবোলা প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই অঞ্চলটি ইতিহাসের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা এই প্রাদুর্ভাব মোকাবিলায় সরাসরি নিয়োজিত থাকায় এবং সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকায় তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে।
বুনিয়া ও মংবওয়ালু এলাকায় এই টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। বর্তমানে দেশটিতে বুন্দিবুগিও (Bundibugyo) ভাইরাসের কারণে ইবোলা ছড়িয়ে পড়ছে, যার কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। তবে স্বাস্থ্যকর্মীদের 'এরভেবো' (Ervebo) টিকা দেওয়া হচ্ছে, যা অতীতে জাইর স্ট্রেন জনিত অন্য এক ধরনের ইবোলা প্রাদুর্ভাবে কার্যকর প্রমাণিত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে বিশেষ বিবেচনাধীন বা 'কমপ্যাশনেট-ইউজ' কর্মসূচির আওতায় এই টিকা ব্যবহার করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কঙ্গোর জন্য ৭০ হাজার ডোজ এরভেবো টিকা অনুমোদন করেছে। এর মধ্যে ৫০ হাজার ডোজ দেওয়া হবে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের এবং বাকি ২০ হাজার ডোজ ব্যবহার করা হবে বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে এই টিকা কার্যকর কি না তা পরীক্ষা করার জন্য একটি ক্লিনিক্যাল ট্রায়ালে।
ইতোরি এবং উত্তর কিভু প্রদেশে এই প্রচারণার আওতায় ছয় থেকে নয় মাসের মধ্যে ২০,০০০ সম্মুখসারির কর্মীকে টিকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
গত মাসে শোপো (Tshopo) প্রদেশের কিসাঙ্গানিতে এরভেবো টিকা দেওয়া শুরু হয়েছিল। এই প্রচারণাটি শোপো, বাস-উয়েলে এবং ওত-উয়েলে প্রদেশের ১৪টি স্বাস্থ্য অঞ্চলে চালানো হবে বলে আশা করা হয়েছিল।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কঙ্গোতে এ পর্যন্ত ৭,৫৪১ জন নিশ্চিতভাবে ইবোলায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন ৩,৬৩৯ জন এবং সুস্থ হয়েছেন ১,৮২৩ জন। দেশটির ইতিহাসে এ পর্যন্ত হওয়া ১৭টি ইবোলা প্রাদুর্ভাবের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সহিংসতা, মানুষের বাস্তুচ্যুতি, স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট এবং ব্যাপক জনসংখ্যা স্থানান্তরের কারণে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এমনকি এটি ২০১৪-২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় (গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওন) ছড়িয়ে পড়া মহামারিকেও ছাড়িয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যেখানে ১১,০০০-এর বেশি মানুষ মারা গিয়েছিল।
ইতোরি প্রদেশের সামরিক গভর্নর মেজর জেনারেল গ্যাবি কাসোঙ্গো মুলুম্বা বলেন, "জীবন রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ইতোরিতে সম্মুখসারির কর্মীদের জন্য এই টিকাদান কর্মসূচি শুরু করা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। কারণ তারা সরাসরি এই লড়াইয়ে জড়িত এবং সবচেয়ে বেশি ঝুঁকির মুখোমুখি।"
বুনিয়া শহরের একটি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক ড. জিনো এলুয়া এই টিকাকে উপকারী বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, "স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদের আসলে কোনো বিকল্প নেই, আমাদের এটি নিতেই হবে। এখানে অনেকে আগেই আগের টিকাটি নিয়েছিলেন, আমিও বাধ্যতামূলক হওয়ায় নিয়েছিলাম।" অন্যদিকে, ১০ম ইবোলা প্রাদুর্ভাবের সময় এরভেবো টিকা নেওয়া ড. জিন পল উজেলে নামে আরেক স্বাস্থ্যকর্মী জানান, দ্বিতীয়বার টিকা নেওয়া প্রয়োজন কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি বলেন, "টিকা আসলে আমরা অবশ্যই নেব, কিন্তু প্রশ্ন হলো আমাদের কি দ্বিতীয়বার টিকা নেওয়ার প্রয়োজন আছে?"






























