এলজিইডির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের অনেক প্রকৌশলীর অনুপস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কর্মকর্তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, "মন্ত্রী বড়, নাকি স্থানীয় সংসদ সদস্য বড়?" আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তাদের এখানে ফাজলামি বা পিকনিক করার কোনো সুযোগ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার জন্য তাঁদের ডাকা হয়েছে। সভার একপর্যায়ে রাঙামাটি জেলার কর্মকর্তাদের দাঁড়াতে বলেন তিনি। জেলাটিতে ১০টি উপজেলা থাকলেও মাত্র ছয়জন কর্মকর্তা উপস্থিত আছেন দেখে বাকি চারজনের খোঁজ নেন। একজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন এবং নির্বাহী প্রকৌশলী এলাকার স্থানীয় সংসদ সদস্যের (এমপি) সঙ্গে সভায় আছেন বলে জানানো হলে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, কোনো এলাকার উদ্বোধন বা অন্য কোনো বিষয়ে স্থানীয় এমপি কিছু বললে কর্মকর্তাদের তা সমন্বয় করতে হবে। এমপিদের জানাতে হবে যে মন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রী তাঁদের ডেকেছেন। প্রয়োজনে পরের দিন বা তার পরের দিন বসবেন। কিন্তু গুরুত্বপূর্ণ সভায় মন্ত্রী বা প্রতিমন্ত্রীর চেয়ে স্থানীয় এমপিকে বড় মনে করে অনুপস্থিত থাকা যাবে না।
এরপর প্রতিমন্ত্রী বান্দরবান জেলার কর্মকর্তাদের দাঁড়াতে বলেন। সেখানে সাতটি উপজেলার মধ্যে মাত্র একজনকে উপস্থিত দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বাকিদের অনুপস্থিতির কারণ জানতে চান। তিনি বলেন, সব জেলার কর্মকর্তাদের একসঙ্গে দাঁড় করালে উপস্থিতির চিত্র আরও ভয়াবহ দেখাবে। একই উপায়ে তিনি খাগড়াছড়ি জেলা থেকে মাত্র তিনজন এবং নেত্রকোনা জেলার কর্মকর্তাদের দাঁড় করিয়েও অনেকের অনুপস্থিতি দেখতে পান। ভোলার মনপুরা উপজেলার নির্বাহী প্রকৌশলী উপস্থিত আছেন কি না, তাও নিশ্চিত করেন তিনি।
সভায় একজন উপজেলা প্রকৌশলী অনুপস্থিত থাকায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সভায় জানানো হয়, মোট ৫০৩ জন কর্মকর্তার মধ্যে ৪৪০ জন উপস্থিত ছিলেন। তবে নির্বাহী প্রকৌশলীরা সবাই উপস্থিত আছেন বলে কর্মকর্তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রতিমন্ত্রী ইউনিয়ন ও উপজেলা পরিষদ এবং হাটবাজারসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর তাগিদ দেন। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিয়ে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানের আয় বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের পরিচালক ও প্রকৌশলীবৃন্দ।































