যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় নিজের কনসার্টে মঞ্চে উঠেই ব্রিটিশ গায়ক এড শিরান র্যাপার ম্যাকলমোরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে কথা বলেছেন। ফিলিস্তিনপন্থী মন্তব্যের জেরে ম্যাকলমোরকে তার ট্যুর থেকে বাদ দেওয়ার পর এটিই ছিল শিরানের প্রথম শো। তিনি ভক্তদের কাছে স্বীকার করেছেন যে, এই পুরো ঘটনায় তিনি কিছু 'ভুল' করেছেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।
শিরান দর্শকদের উদ্দেশ্যে বলেন, তিনি কখনই একজন অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক ভাষ্যকার হতে চাননি, তবে বর্তমান পরিস্থিতি তাকে একটি জটিল রাজনৈতিক ও মানবিক বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। তিনি স্পষ্ট করেন যে, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি তার নয়, বরং তার প্রচারকদের (প্রমোটার) নেওয়া। এই বিতর্কের জেরে তার ট্যুরের বাকি সহ-শিল্পীরাও শো ছেড়ে চলে গেছেন।
কনসার্টে গায়ক ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলাকে 'ভয়ঙ্কর' হিসেবে অভিহিত করেন এবং গাজার বর্তমান পরিস্থিতিকে 'অযৌক্তিক' ও 'অসামঞ্জস্যপূর্ণ' বলে মন্তব্য করেন। তিনি বলেন, 'আমার হৃদয় ভেঙে গেছে বেসামরিক মানুষের প্রাণহানি এবং শিশুদের মৃত্যুতে। পশ্চিম তীরে যে পদ্ধতিগত অবিচার চলছে, তা উপেক্ষা করা যায় না।'
এই বিতর্কের কারণে তার ট্যুরের টিকিট বিক্রিতে ধীরগতি এবং দাম কমে যাওয়ার বিষয়টিও সামনে এসেছে। কিছু জায়গায় টিকিটের দাম কমে ৩২ ডলারে নেমেছে। কনসার্টের বাইরে কিছু প্রতিবাদকারী ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিলেও শোটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এড শিরান জানান, তিনি এই বিষয়ে আরও শিখছেন এবং কীভাবে ভুক্তভোগীদের সাহায্য করা যায়, তা নিয়ে ভাবছেন। তিনি তার কনসার্টকে এমন একটি স্থান হিসেবে রাখতে চেয়েছেন যেখানে সব মতের মানুষ স্বাগত।
উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতে ম্যাকলমোর ফিলিস্তিনপন্থী একটি গান পরিবেশন করেন এবং গাজায় নিহতের ঘটনাকে গণহত্যা বলে দাবি করেন। এরপরই জিলট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটসহ বিভিন্ন ভেন্যু কর্তৃপক্ষ ম্যাকলমোরকে পারফর্ম করতে বাধা দেয়। এর প্রতিবাদে অ্যারন রো, লুকাস গ্রাহাম এবং বিওগা-এর মতো শিল্পীরা ট্যুর থেকে পদত্যাগ করেন।































