ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথ বিমান হামলায় সৌদি আরবের সঙ্গে যোগ দেওয়া নিয়ে চরম দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নিজের সামরিক লড়াইয়ে রিয়াদের সহযোগিতা প্রয়োজন হলেও, আপাতত হুতিদের ওপর হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জরুরি অনুরোধে সাড়া দিয়ে ট্রাম্প প্রথমে বিমান হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেও, মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনি সেই অবস্থান থেকে সরে এসেছেন।
প্রশাসনিক কর্মকর্তাদের সূত্র অনুযায়ী, গত বৃহস্পতিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে হুতিদের বিরুদ্ধে দ্রুত সামরিক সহায়তার আবেদন জানান। এর ঠিক আগের দিনই ট্রাম্প তাঁর উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইয়েমেনে হুতিদের অবস্থানে হামলার বিপক্ষে মত দিয়েছিলেন। তবে যুবরাজের সঙ্গে ফোনালাপের পর সিদ্ধান্ত বদলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে বিমান হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। কমান্ডাররা লক্ষ্যবস্তুর তালিকা অনুমোদন করে ফেলেছিলেন এবং মার্কিন যুদ্ধবিমানগুলোতে বোমা তোলার কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু গত রোববার দুপুরের মধ্যে ট্রাম্প আবারও তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং আপাতত হুতিদের ওপর কোনো মার্কিন বিমান হামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অধিকাংশ সদস্যই সৌদির এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিষয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন বা সরাসরি বিরোধিতা করেছেন। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে মার্কিন সামরিক বাহিনী বর্তমানে যে চাপের মুখে রয়েছে, তা বিবেচনা করেই তাঁরা এই অবস্থান নিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস অফিস আনুষ্ঠানিকভাবে এই আলোচনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং মিত্রদের রক্ষা করতে ওয়াশিংটন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার সকালে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইয়িংস্টের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান বড় আকারের যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। হুতিদের প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন প্রশাসন হুতিদের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করে চলেছে এবং গোষ্ঠীটি এ পর্যন্ত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই না করার বিষয়ে সম্মত রয়েছে। তবে হুতিরা মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা না চালালেও সৌদি আরবের ওপর তাদের অব্যাহত অভিযান ট্রাম্পকে এক বড় ধরনের উভয়সংকটে ফেলেছে।
মার্কিন সামরিক কর্মকর্তাদের একাংশের মতে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য সৌদি রাজতন্ত্রের সহায়তা অপরিহার্য। তবে মার্কিন সহযোগিতা না পেলে সৌদি আরবও তাদের প্রভাব খাটানোর সুযোগ ছাড়ে না। উদাহরণস্বরূপ, গত মে মাসে সৌদি আরব তাদের আকাশসীমা এবং দেশে থাকা মার্কিন বিমানঘাঁটিগুলো ব্যবহারে ওয়াশিংটনকে অস্বীকৃতি জানিয়েছিল। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক তেল ট্যাংকার পাহারা দেওয়ার মার্কিন পরিকল্পনা ব্যাহত হয়।
কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র যদি সৌদির এই লড়াইয়ে যোগ দিত, তবে তা হতো ইয়েমেনি সরকারি বাহিনীর একটি পরিকল্পিত স্থল অভিযানের সঙ্গে যৌথ প্রয়াস। কিন্তু হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনী অকার্যকর প্রমাণিত হয়েছে এবং সাম্প্রতিক এক সংঘর্ষে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ওয়াশিংটনভিত্তিক আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের ফেলো গ্রেগরি জনসেনের মতে, ইয়েমেনের হুতি-বিরোধী জোট মূলত বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীর এক জোড়াতালির সমন্বয়, যাদের একমাত্র মিল হলো তারা হুতিদের বিরোধী। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা হুতিদের চেয়ে নিজেদের মধ্যেই বেশি লড়াই করে।
২০২৫ সালের বসন্তে লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা ফেরাতে মার্কিন সামরিক বাহিনী ৫০ দিনেরও বেশি সময় ধরে হুতিদের ওপর বোমাবর্ষণ করেছিল। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্রঘাঁটি ও ড্রোন উৎপাদন কেন্দ্রসহ এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ওই অভিযানে প্রথম মাসেই প্রায় ১০০ কোটি ডলারের গোলাবারুদ খরচ হয় এবং প্রতিটির মূল্য ৬ কোটি ৭০ লাখ ডলার সমমানের দুটি ‘এফ/এ-১৮ সুপার হর্নেট’ যুদ্ধবিমান ভুলবশত মার্কিন রণতরি থেকে সাগরে পড়ে যায়। এরপর ট্রাম্প হঠাৎ করেই হুতিদের সঙ্গে এক যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে গত বছরের সেই যুদ্ধবিরতির পর থেকে হুতিরা তাদের সামরিক সক্ষমতা অনেকটাই পুনর্গঠন করেছে এবং নতুন ক্ষেপণাস্ত্রের নকশা তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। বর্তমান ও সাবেক কূটনীতিকদের মতে, সীমিত মাত্রার মার্কিন অভিযান হুতিদের দমাতে পারবে না এবং নতুন করে হামলা শুরু হলে বাব আল-মানদেব প্রণালিতে জ্বালানি পরিবহন আবার মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।
কিন্তু সেই বাহিনী হুতিদের বিরুদ্ধে অকার্যকর প্রমাণিত হয়েছে।সৌদি আরব ও আন্তর্জাতিকভাবে সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে হুতিরা ২০১৪ সাল থেকে যুদ্ধ করে আসছে।
২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সহিংসতা কমে এসেছিল, কিন্তু চলতি গ্রীষ্মে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করে হুতিরা।































