তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের উচিত অতীতের সব বাধা দূর করে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করা। নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এরদোয়ান বলেন, দুই মিত্র দেশের মধ্যে যেসব বাধা থাকা উচিত ছিল না, তা পেছনে ফেলে আমরা সম্পর্কের নতুন গতি আনতে চাই।
তিনি আরও বলেন, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের অন্যতম শক্তিশালী ক্ষেত্র হলো প্রতিরক্ষা শিল্প। দ্বিপাক্ষিক ও ন্যাটো—উভয় ক্ষেত্রেই এই খাতের অগ্রগতি অত্যন্ত জরুরি। এছাড়া জ্বালানি, এলএনজি, পারমাণবিক শক্তি, বেসামরিক বিমান চলাচল এবং উচ্চ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, যৌথ উৎপাদনের সুযোগসহ বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধি উভয় দেশের স্বার্থেই প্রয়োজন।
তুর্কি কোম্পানিগুলো এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে সক্ষম বলে জানান এরদোয়ান। এছাড়া তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, তুরস্ক খুব শীঘ্রই বিশ্বের শীর্ষ ১০ প্রতিরক্ষা রপ্তানিকারক দেশের তালিকায় জায়গা করে নেবে। কূটনৈতিক সম্পর্কের দ্বিতীয় শতাব্দীতে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্তিশালী সম্পর্ক ও মিত্রতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এরদোয়ান আরও দাবি করেন, চারপাশের সংকট ও সংঘাত সত্ত্বেও তুরস্ক নিজেকে 'স্থিতিশীলতার দ্বীপ' হিসেবে প্রতিষ্ঠিত ও শক্তিশালী করেছে।
এরদোয়ান মঙ্গলবার ১৬তম বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টর বুরহানেত্তিন দুরান এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জানান, জাতিসংঘের মঞ্চ থেকে তুরস্ক ও বিবেকের কণ্ঠস্বর আবারও শোনা যাবে। তিনি বলেন, গাজা থেকে শুরু করে বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের ন্যায়বিচারের দাবিটি প্রেসিডেন্ট বিশ্ব বিবেকের কাছে তুলে ধরবেন।






























