দেশের মোবাইল অপারেটরদের টাওয়ার ও নেটওয়ার্ক অবকাঠামোতে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ২০ মাসে মোবাইল টাওয়ার ও স্থাপনা থেকে প্রায় ১৬ হাজার মিটার পাওয়ার কেবল এবং ২ হাজারের বেশি ব্যাটারি চুরি হয়েছে। এর পাশাপাশি টাওয়ারে থাকা রিমোট রেডিও ইউনিট (আরআরইউ) ও বেস ট্রান্সসিভার স্টেশনের (বিটিএস) কার্ডও চোরেরা খুলে নিয়ে যাচ্ছে। এতে গ্রাহকসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে অপারেটররা।
মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) তথ্য অনুযায়ী, শুধু চলতি বছরের প্রথম আট মাসেই (জানুয়ারি থেকে আগস্ট) চার অপারেটরের ৭ হাজার ৯৬৪ মিটার পাওয়ার কেবল, ১৯৪টি আরআরইউ, ১৭০টি বিটিএস কার্ড এবং ৭৫৬টি ব্যাটারি চুরি হয়েছে। এ ছাড়া গত ২০ মাসে কেবল ও ব্যাটারির পাশাপাশি ৫০০টির বেশি আরআরইউ চুরি গেছে। কিছু জায়গায় বিটিএস থেকে কার্ডও খুলে নেওয়া হয়েছে।
চুরির ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। চলতি বছরের প্রথম আট মাসে টেলিটকের ৬ হাজার ৭৪৯ মিটার পাওয়ার কেবল চুরি হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৭ হাজার ৪৪২ মিটার। অন্যদিকে একই সময়ে গ্রামীণফোনের ৫০৭ মিটার, রবির ৪১৭ মিটার এবং বাংলালিংকের ২৯১ মিটার পাওয়ার কেবল চুরি হয়েছে।
টাওয়ারের ব্যাকআপ বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ব্যাটারি চুরিতেও শীর্ষে রয়েছে টেলিটক। চলতি বছরের প্রথম আট মাসে অপারেটরটির ৪৫২টি ব্যাটারি চুরি হয়েছে। এছাড়া রবির ২৫৩টি, গ্রামীণফোনের ২৭টি এবং বাংলালিংকের ২৪টি ব্যাটারি চুরি হয়েছে। অপারেটরদের একটি সূত্র জানিয়েছে, গ্রাম এলাকায় টাওয়ার থেকে সরঞ্জাম চুরি করার পর অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, সেখান থেকে খুলে নেওয়া ব্যাটারিগুলো ভ্যান ও রিকশায় ব্যবহারের জন্য স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে।
চুরি ও ভাঙচুরের এসব ঘটনা সবচেয়ে বেশি ঘটছে ঢাকা ও এর আশপাশের এলাকায়। বিশেষ করে ঢাকার লালবাগ, বাড্ডা, মোহাম্মদপুর, সাভার এবং পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে টেলিযোগাযোগ অবকাঠামোতে চুরির প্রবণতা বেশি। আগে এই চুরির ঘটনা চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বেশি দেখা যেত বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। তিনি জানান, বর্তমানে এটি অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েছে এবং চুরি ঠেকাতে বিটিআরসি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
অ্যামটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার জানান, ঢাকা ও আশপাশের এলাকায় বিটিএস থেকে বিভিন্ন যন্ত্রাংশ চুরি গত কয়েক বছরে অনেক বেড়েছে। এসব যন্ত্রপাতি স্থানীয় বাজারে সহজে পাওয়া যায় না, ফলে নতুন করে বসাতে বা মেরামত করতে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়। এর ফলে দীর্ঘ সময় নেটওয়ার্ক বন্ধ থাকে, যা গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করার পাশাপাশি অপারেটরদের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব ফেলে।
চুরির প্রতিকার চেয়ে গত ১৬ সেপ্টেম্বর বিটিআরসিকে চিঠি দিয়েছে অ্যামটব। চিঠিতে বলা হয়েছে, যন্ত্রাংশ চুরির কারণে স্থানীয় নেটওয়ার্ক সেবা ব্যাহত হচ্ছে, যার ফলে হাজার হাজার গ্রাহক জরুরি কল করা, ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় ডিজিটাল সেবা ব্যবহারে সমস্যায় পড়ছেন। প্রতিটি ঘণ্টা নেটওয়ার্ক বন্ধ থাকায় অপারেটরদেরও রাজস্ব ক্ষতি হচ্ছে। বিশেষ করে ব্যাটারি চুরি হলে বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যাকআপ না থাকায় টাওয়ার অচল হয়ে পড়ে। আবার আরআরইউ বা বিটিএস কার্ডের মতো সক্রিয় যন্ত্রাংশ খুলে নেওয়া হলে সরাসরি কল ও ইন্টারনেটসহ নেটওয়ার্ক সেবা ব্যাহত হয়।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা তানভীর মোহাম্মদ বলেন, দেশে ব্যাটারি, রেডিও ও ট্রান্সমিশন সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক যন্ত্রপাতি চুরি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
বিটিআরসির তথ্য অনুযায়ী, সারা দেশে মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলোর যৌথ উদ্যোগে ৪৫ হাজারের বেশি নেটওয়ার্ক টাওয়ার সচল রয়েছে। আগে কেবল ও ব্যাটারি চুরির ঘটনা বেশি ঘটলেও এখন চোরেরা নেটওয়ার্কের সক্রিয় যন্ত্রাংশেও হাত দিচ্ছে। অ্যামটব জানিয়েছে, চুরি ঠেকাতে তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।





























