দেশের সীমিত সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয়, পার্শ্ববর্তী দেশগুলোতে তেল পাচারের ঝুঁকি মোকাবিলা এবং স্বাস্থ্য খাত ও ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাজেট নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জ্বালানি খাতে ভর্তুকি কমানোর বিষয়টি অত্যন্ত জটিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোনো একটি নির্দিষ্ট খাতকে স্বস্তিদায়ক রাখতে রাষ্ট্র তার সমস্ত সম্পদ সেখানে নিবেদিত করতে পারে না। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে সম্পদের সঠিক বণ্টনই সরকারের লক্ষ্য। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে জ্বালানি তেলের মূল্যের ব্যবধানের কারণে তেল পাচারের যে ঝুঁকি তৈরি হয়, তা রোধ করাও এই সমন্বয়ের অন্যতম কারণ। তবে জনগণের ক্রয়ক্ষমতার বিষয়টি সরকার বিবেচনায় রাখছে বলে তিনি আশ্বস্ত করেন।
জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকার ওএমএস ও টিসিবির খাদ্য সহায়তা কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে। ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমানে ৪১ লাখ পরিবারকে দেওয়া ফ্যামিলি কার্ডের সংখ্যা আগামী অর্থবছরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।
আইএমএফের কোনো শর্তের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করেন যে, এটি সম্পূর্ণ সরকারের নিজস্ব অগ্রাধিকার। জনগণের সামাজিক কল্যাণ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং দেশের আর্থিক সক্ষমতা বিবেচনা করেই এই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি সংকট সাময়িক, এটি কেটে গেলে দেশীয় বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে।
পুলিশ বাহিনীর ভূমিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের সময় পুলিশকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সরকার এখন পুলিশকে জনগণের প্রকৃত সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। মাঠপর্যায়ে পুলিশের মনোবলের ঘাটতি থাকলেও জনগণের সহযোগিতা পেলে দ্রুতই স্বাভাবিক পুলিশিং ফিরে আসবে। প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।





























