প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১: ২৫। কুমিল্লার দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে (৫০) প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দলটির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়ভার সংগঠন নেবে না। একই সঙ্গে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির ফার্মে অভিযান চালায় উপজেলা প্রশাসন। সেখানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক তিনজনকে সাত দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল হাই কায়সার অন্যতম। আদালত সূত্রে জানা গেছে, অর্থদণ্ড পরিশোধ করতে না পারলে তাদের আরও ১৪ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।






























