গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লাঠিসোঁটা, লগি-বইঠা ও দেশি অস্ত্রসহ মহড়া এবং নাশকতার ঘটনাকে কেন্দ্র করে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে বড় রদবদল আনা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে। একই সঙ্গে জেলাজুড়ে সার্বিক নিরাপত্তা জোরদারে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন এবং অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং তাঁর স্থলে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি পদে বদলি করা হয়েছে এবং ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে গোপালগঞ্জে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর গতকাল বিকেলে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা দিয়ে গোপালগঞ্জকেন্দ্রিক কিছু মিছিল করার চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, তারা যদি সীমালঙ্ঘন করে তবে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী যথাযথ ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
গোয়েন্দা সূত্রের তথ্যমতে, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা গোপালগঞ্জে সমবেত হয়েছেন এবং বিদেশ থেকেও নানা উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কার তথ্য থাকা সত্ত্বেও বলপ্রয়োগের ফলে যাতে কোনো প্রাণহানি না ঘটে সেদিকে নজর রাখছে সরকার; কারণ প্রাণহানি হলে আওয়ামী লীগ ভুক্তভোগী সাজার সুযোগ পেতে পারে। পরিস্থিতি পর্যালোচনায় গত দুই দিনে উচ্চপর্যায়ের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের কিছু কর্মকর্তার অদক্ষতা ও অসহযোগিতার বিষয়টি আলোচনায় উঠায় সরকার এ ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জে কয়েক দিন ধরে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশি অস্ত্র ও লগি-বইঠা নিয়ে মিছিল ও সমাবেশ করে। এ সময় মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদী চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। এছাড়া টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এক এসআইকে কুপিয়ে জখম করা এবং স্থানীয় এক বিএনপি নেতার বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বেসামরিক প্রশাসনকে সহায়তার (ইন এইড টু সিভিল পাওয়ার) অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ১০ নভেম্বর তিন প্লাটুন এবং পরে আরও তিন প্লাটুন নামানো হয়। গতকাল বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী বিজিবি গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে এবং জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি করে এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বার্তা দিচ্ছেন। এর ধারাবাহিকতায় ১৩ নভেম্বর আওয়ামী লীগের ফেসবুক পেজে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়, যার মধ্যে ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচিও রয়েছে। এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছিল।


























