বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে চীনের প্রতি আরও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সংকট সমাধান ও রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে।
দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে রাষ্ট্রপতি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। এ সময় তিনি মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার উদ্যোগকে যোগাযোগ ও শিল্পায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এছাড়া কুনমিং-চট্টগ্রাম করিডর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের মতো আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি প্রকল্পটির বাস্তবায়নে আলোচনা এগিয়ে নেওয়ার অনুরোধ জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণে চীনের অর্থায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে জনগণের জন্য উন্মুক্ত জটিল ব্লাড ক্যান্সার চিকিৎসায় চীনের কারিগরি সহযোগিতা কামনা করলে রাষ্ট্রদূত তা প্রদানের আশ্বাস দেন।
রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ ও ১৯৮০ সালের চীন সফর এবং ২০২৬ সালের এপ্রিলে নিজের ও বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও শিক্ষার্থীদের চীন সফরের কথা স্মরণ করে তিনি বলেন, এসব সফর দুই দেশের সম্পর্ককে গভীর ও সুদৃঢ় করেছে। চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করে তিনি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
রাষ্ট্রপতির বিদায়ী সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় ডেপুটি চিফ অব মিশন ড. লিই ইউইন উপস্থিত ছিলেন।





























