তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা বাজারে চলমান অস্থিরতা নিরসনে কঠোর অবস্থান নিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)। সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে ভোক্তা সাধারণের কাছ থেকে এলপিজি সিলিন্ডার প্রতি ইচ্ছেমতো দাম আদায় করছেন খুচরা ব্যবসায়ীরা। অথচ, এলওএবির তথ্যমতে দেশে বর্তমানে এলপিজির সরবরাহ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। গত সেপ্টেম্বর মাসে ১ দশমিক ৫৬ লাখ মেট্রিক টন এবং আগস্ট মাসে ১ দশমিক ৫৮ লাখ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলওএবির সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা কিংবা নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রচলিত আইনের লঙ্ঘন। এমন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এলপিজি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রী জেলা প্রশাসকদের বাজার মনিটরিং করার কঠোর নির্দেশ দিয়েছেন। এলওএবি জানিয়েছে, সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সরকার বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করে দিলেও, খুচরা বিক্রেতারা সংকটের কথা বলে ভোক্তাদের কাছ থেকে ২১০০ থেকে ২৬০০ টাকা পর্যন্ত আদায় করছেন। সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ১০০০ টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা। এই কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের অপচেষ্টা রোধে সরকার এখন কঠোর পদক্ষেপ গ্রহণের পথে হাঁটছে।




























