ইসলামে কন্যাসন্তানকে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ও রহমত হিসেবে বিবেচনা করা হয়। জাহেলিয়াতের যুগে কন্যাসন্তানের জন্মকে যেখানে বোঝা ও অপমানের মনে করা হতো, ইসলাম সেখানে কন্যাসন্তান লালন-পালনের মাধ্যমে জান্নাত অর্জনের পথ দেখিয়েছে। সম্প্রতি বরিশালের উজিরপুরে ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক ঘটনা যেন আবারও প্রমাণ করল, কন্যাসন্তান বাবার জন্য কতটা গভীর মায়া ও আশ্রয়ের নাম।
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় সম্প্রতি চুরির অপবাদে অনিক সরদার নামের এক ব্যক্তিকে বেঁধে মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনা ছড়িয়ে পড়লে তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছোট্ট কন্যা তুবা বাবার কাছে ছুটে যায়। বাবাকে এমন অসহায় অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে তুবা। সে আকুতি জানিয়ে বলে, "আমার বাবাকে আর মাইরো না, আমার বাবাকে ছেড়ে দাও। আমার বাবা ভালো বাবা।" ছোট্ট মেয়ের এই কান্না ও ভালোবাসা মানুষের হৃদয়ে গভীর আবেগের সৃষ্টি করে। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসলে উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা পরিবারটির পাশে দাঁড়ান। তিনি শারীরিকভাবে বিপর্যস্ত অনিক সরদারকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তিন মাসের জন্য রিহ্যাবে পাঠানোর ব্যবস্থা করেন।
ইসলামে কন্যার মর্যাদা অত্যন্ত উচ্চে। পবিত্র কুরআনের সুরা আন-নাহলের ৫৮ নম্বর আয়াতে জাহেলি যুগের সেই মানসিকতাকে প্রত্যাখ্যান করে বলা হয়েছে—"যখন তাদের কাউকে কন্যাসন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে দুঃখে ভারাক্রান্ত হয়।" মহানবী হযরত মুহাম্মদ (সা.) কন্যাদের কখনো বোঝা মনে করেননি; বরং তাদের প্রতি উত্তম আচরণকে জাহান্নাম থেকে মুক্তির উপায় ঘোষণা করেছেন। আম্মাজান আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি কন্যাদের দায়িত্ব গ্রহণ করে তাদের সঙ্গে উত্তম আচরণ করবে, তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হবে।" (বুখারি: ৫৯৯৫)
ইমাম আহমদ বিন হাম্বল (রহ.) যখন কারও কন্যাসন্তান হওয়ার খবর শুনতেন, তখন বলতেন, তাকে গিয়ে বলো—"নবীরা হলেন কন্যাসন্তানের বাবা।" কন্যাকে যদি ঈমান, তাকওয়া, আদব ও সুন্দর চরিত্রের আলোয় গড়ে তোলা যায়, তবে সে শুধু দুনিয়ার প্রশান্তিই নয়, আখিরাতেও মা-বাবার জন্য নাজাতের অসিলা হয়ে ওঠে। যে ঘরে কন্যাসন্তান জন্ম নেয় এবং তাকে দ্বীনি পরিবেশে বড় করা হয়, সেখানে রহমতের দুয়ার খুলে যায়। কন্যাকে দ্বীনি শিক্ষায় গড়ে তুললে সে উম্মাহর জন্য একজন ঈমানদার জননী হিসেবে গড়ে ওঠে এবং মা-বাবার জন্য আখিরাতের সওয়াবের বাগান তৈরি করে।





























