ইসলাম শুধু নামে মাত্র মুসলিম হওয়ার নাম নয়, বরং এতে আন্তরিকভাবে সত্য বলে গ্রহণ করার বিশ্বাস থাকতে হয়। ইসলামি ঈমানের ছয়টি মূল স্তম্ভের একটি হলো পরকাল বা শেষ দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) মৃত্যুর পর যা যা ঘটার কথা বলেছেন, যেমন— কবরে প্রশ্নোত্তর, শাস্তি, প্রতিদান এবং হাশর-নাশর বা পুনরুত্থান— এসবই এই বিশ্বাসের অন্তর্ভুক্ত। পরকালের দীর্ঘ যাত্রার সূচনা ঘটে মানুষের মৃত্যুর নির্ধারিত মুহূর্তে।
মৃত্যুর সময় মুমিন ও কাফের ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দৃশ্যপট তৈরি হয়। কোনো মুমিনের মৃত্যুর সময় আকাশ থেকে সূর্যের মতো উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতারা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে নেমে আসেন এবং দৃষ্টির সীমা পর্যন্ত ঘিরে বসেন। এরপর প্রাণ হরণকারী ফেরেশতা এসে মাথার পাশে বসে ঘোষণা করেন, 'হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে।' তখন সেই আত্মা পানির ফোঁটার মতো অত্যন্ত সহজে শরীর থেকে বেরিয়ে আসে। পক্ষান্তরে অবিশ্বাসী কাফের ব্যক্তির মৃত্যুর সময় কালো চেহারার ফেরেশতারা রুক্ষ পশমি মোটা কাপড় নিয়ে নেমে আসেন। মালাকুল মওত এসে বলেন, 'হে নিকৃষ্ট আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে।' তখন সেই আত্মা শরীরের রগে রগে ছড়িয়ে পড়ে এবং ভেজা পশম থেকে কাঁটাযুক্ত লোহার দণ্ড টেনে বের করার মতো তীব্র কষ্টে তাকে বের করা হয় (মুসনাদে আহমদ: ১৮৫৫৭)।
আত্মা বের হওয়ার পর মুমিন ব্যক্তি দুনিয়ার সব কষ্ট-ক্লেশ থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমতের সান্নিধ্যে পৌঁছে যায়। অপরদিকে কোনো অপরাধী বা ফাসেক ব্যক্তির মৃত্যু হলে তার অনিষ্ট থেকে মানুষ, জমিন, গাছপালা এবং পশুপাখি স্বস্তি লাভ করে বলে হাদিসে বর্ণিত রয়েছে (বোখারি: ৬৫১২)।
মৃত্যুর পর মানুষ দুনিয়া ও কিয়ামতের মধ্যবর্তী এক দীর্ঘ সময়ে প্রবেশ করে, যাকে বরজখের জীবন বলা হয়। পরকালের প্রথম ঘর হলো এই কবর। মৃত ব্যক্তিকে দাফন করার পর স্বজনরা যখন হেঁটে চলে যায়, তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। এরপর কবরে তাকে তিনটি প্রশ্ন করা হয়, যার সঠিক উত্তর দিতে পারে কেবল অল্পসংখ্যকমানুষ। আল্লাহর রাসুল (সা.) এ প্রসঙ্গে সতর্ক করে বলেছেন, কবরের পরীক্ষা দাজ্জালের পরীক্ষার মতোই অত্যন্ত কঠিন হবে (বোখারি: ৭২৮৭)।































