আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট মাসের দীর্ঘ মিশন শেষে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া উপকূলের অদূরে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে নাসা ক্রু-১২। নাসার সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ২৭ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ফিরতি যাত্রা শেষে ড্রাগন ক্যাপসুলটি সফলভাবে সমুদ্রে অবতরণ করে।
মিশন কমান্ডার এবং মার্কিন নভোচারী জেসিকা মেইর এই সফল অবতরণের পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মহাকাশ স্টেশনে একটি অবিশ্বাস্য মিশনের পর পৃথিবীতে ফিরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
ক্যাপসুলটি সমুদ্র থেকে একটি বিশেষ জাহাজে তোলার পর এর চার আরোহীকে একে একে বের করে আনা হয়। তারা হলেন মার্কিন নভোচারী জেসিকা মেইর ও জ্যাক হ্যাথাওয়ে, ফরাসি নভোচারী সোফি আদেনো এবং রুশ মহাকাশচারী আন্দ্রে ফেদায়েভ। জাহাজে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর হেলিকপ্টারে করে তাদের মূল ভূখণ্ডে নেওয়া হবে এবং সেখান থেকে টেক্সাসের হিউস্টনে নাসার অপারেশন সেন্টারে নিয়ে যাওয়া হবে।
এই মিশনের বিশেষ অর্জনের মধ্যে রয়েছে ফরাসি নভোচারী সোফি আদেনোর মহাকাশচারণ। তিনি মহাকাশ স্টেশনের বাইরে স্পেসওয়াক করা প্রথম ফরাসি নারী নভোচারী হওয়ার গৌরব অর্জন করেছেন। গত ১৮ ও ২৫ আগস্ট এবং ১ সেপ্টেম্বর তিনি মোট তিনবার স্পেসওয়াক করেছেন।
এদিকে, গত সপ্তাহে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নতুন চারজন ক্রু সদস্য পৌঁছেছেন, যারা সেখানে প্রায় ছয় মাস অবস্থান করবেন। গত ২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবহৃত এই মহাকাশ স্টেশনটি ২০৩০ সালের দিকে কক্ষপথ থেকে নামিয়ে পৃথিবীর যেকোনো মহাসাগরে আছড়ে ফেলার পরিকল্পনা রয়েছে। এছাড়া, ২০২২ সালে মস্কোর ইউক্রেন আক্রমণের পর আন্তর্জাতিক সহযোগিতার অনেক চুক্তি ভেঙে পড়লেও, নাসা এবং অন্যান্য অংশীদাররা মহাকাশ স্টেশনের বিষয়ে রাশিয়ার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।




























