চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের একটি কনসেশন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। এনসিটি চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ পরিচালনা করে। তবে আন্তর্জাতিক প্রতিযোগী বন্দরগুলোর তুলনায় কন্টেইনার জাহাজে অবস্থানের সময়, পণ্য খালাসে সময়, যন্ত্রপাতির সক্ষমতা ও উৎপাদনশীলতার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে। এসব সক্ষমতা বাড়াতেই আন্তর্জাতিক অপারেটর নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ে এই চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী রাজীব আহসান, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, এই চুক্তির ফলে টার্মিনালের মালিকানা ও মূল অবকাঠামো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) কাছেই থাকবে। ডিপি ওয়ার্ল্ড কেবল নির্দিষ্ট মেয়াদে পরিচালনার দায়িত্ব পালন করবে। এছাড়া নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশন ও সার্বভৌম কর্তৃত্ব বাংলাদেশের হাতেই থাকবে।
চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড নিজস্ব অর্থায়নে টার্মিনালের আধুনিকায়নে বিনিয়োগ করবে। প্রথম ১০ বছরে যন্ত্রপাতি, প্রযুক্তি ও টার্মিনাল সুবিধা আধুনিকায়নে ১ হাজার কোটি টাকার বেশি মূলধনী বিনিয়োগ করার কথা রয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের পরিচালন দক্ষতা এনসিসিটিতে যুক্ত করবে প্রতিষ্ঠানটি। সরকার বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অগ্রিম ফি হিসেবে প্রায় ৬০০ কোটি টাকা পাবে, যার ২৫ শতাংশ চুক্তি সইয়ের সময় এবং বাকি ৭৫ শতাংশ কার্যক্রম শুরুর আগে পরিশোধ করা হবে। এছাড়া প্রতিটি ২০ ফুট কন্টেইনারের বিপরীতে ৪০ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত রাজস্ব বা রয়্যালটি এবং বছরে ১০ কোটি টাকা নির্ধারিত ফি পাওয়ার বিধান রাখা হয়েছে। চুক্তিতে বছরে অন্তত ১২ লাখ ৩০ হাজার টিইইউ কন্টেইনার পরিচালনার নিশ্চয়তা দেয়া হয়েছে। ইনভেস্ট বাংলাদেশ জানায়, এনসিটি পরিচালনার এই চুক্তিতে বাংলাদেশকে কোনো ঋণ নিতে হচ্ছে না। প্রয়োজনীয় বিনিয়োগ করবে ডিপি ওয়ার্ল্ড। ফলে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের সঙ্গে এ চুক্তির তুলনা করার সুযোগ নেই। সংস্থাটি জানায়, হাম্বানটোটা বন্দর নির্মাণে শ্রীলঙ্কা চীনা ঋণ নিয়েছিল। পরবর্তী সময়ে ঋণের চাপের মধ্যে ২০১৭ সালে ৯৯ বছরের জন্য বন্দরটি লিজ দিতে হয়েছিল।
চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের সামনে সিপিবি, বাসদসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা এই চুক্তিকে ‘দেশ বিক্রির শামিল’ আখ্যা দিয়ে স্লোগান দেন। এক পর্যায়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গাড়ি বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সরকারের লক্ষ্য হলো আধুনিক যন্ত্রপাতি ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এনসিটির সক্ষমতা বৃদ্ধি করা। অপারেটরের কার্যক্রম তদারকিতেও সিপিএ’র ক্ষমতা থাকবে। চুক্তিতে বিভিন্ন মূল কর্মদক্ষতা সূচক (কেপিআই), ধাপে ধাপে কর্মদক্ষতার লক্ষ্যমাত্রা এবং আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে। ট্রাকের টার্নঅ্যারাউন্ড টাইম ও ক্রেনের উৎপাদনশীলতার মতো সূচকে টানা তিন মাস লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে নির্ধারিত আর্থিক জরিমানা কার্যকর হবে। এ ছাড়া ১৩টি সূচকে ৮৫ শতাংশ কর্মদক্ষতা নিশ্চিত করতে হবে এবং ৮০ শতাংশের নিচে নামলে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে নিউমুরিং টার্মিনালকে তাদের বৈশ্বিক লজিস্টিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, পিপিপি মডেলে এই চুক্তি বাস্তবায়নে কোনো ঋণ নিতে হচ্ছে না। এছাড়া বর্তমানে কর্মরত স্থানীয় জনবলকে নতুন পরিচালন কাঠামোয় ধারাবাহিকভাবে কাজে রাখার নিশ্চয়তা দিয়েছে সরকার।



























