রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ঘোষণা দিয়েছেন যে, প্রয়োজনে তিনি আবু সাঈদের মতো জনগণের জন্য জীবন দেবেন। রোববার রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন মন্তব্য করেন এই জামায়াত নেতা।
সভায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মাহবুবুর রহমান বেলাল অভিযোগ করেন যে, সংসদ সদস্যদের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে তাদের প্রতিনিধি না রাখা এবং সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের বিষয়গুলোও তিনি তুলে ধরেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে জনপ্রতিনিধিরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সার ডিলার নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যবসায়ীদের শর্ত পূরণ করা সত্ত্বেও বঞ্চিত করার অভিযোগ তোলেন তিনি। উল্টো যাদের আর্থিক সক্ষমতা, ব্যবসায়িক অভিজ্ঞতা বা গুদাম নেই, তাদের দলীয় পরিচয়ের কারণে ডিলারশিপ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপ পাওয়ার বিষয়টি উল্লেখ করে পুরো নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের রায়কে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলকে তোষামোদ করার অভিযোগ তুলে তিনি আরও বলেন, বুলেটের চেয়েও জনগণ বড় হাতিয়ার।
সভায় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও পুলিশ কমিশনারের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বেলাল। এছাড়া তিনি শ্যামা সুন্দরী খাল সংস্কার, যানজট নিরসন, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদকবিরোধী অভিযান এবং ঢাকা কোচ স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের দাবি জানান। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
সভার সভাপতি ও জেলা প্রশাসক ইসরাত জাহান তার বক্তব্যে বলেন, সভায় আবেগের বশে অনেক কথা বলা হয়েছে, তবে সরকারি কর্মকর্তা ও সদস্যদের পারস্পরিক সম্মান বজায় রেখে শব্দচয়নের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সভায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























