অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য ও কমোডিটি আমদানি বাড়িয়েছে। ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও লেনদেনের ভারসাম্য বিবেচনায় বাংলাদেশ এখন বাড়তি সহায়তা পাওয়ার দাবি রাখে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষগুলো একমত পোষণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। এখন দেখার বিষয় বাস্তবে এই সহায়তা কতটা এবং কীভাবে পাওয়া যায়।
বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সামগ্রিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারের অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য হলো ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ এবং যৌথ বিনিয়োগ বাড়ানো। এই পরিকল্পনার অংশ হিসেবে চীনের এক্সিম ব্যাংক এবং দেশটির সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ এই নতুন অর্থনৈতিক পথে সফলভাবে এগিয়ে যেতে পারবে।
অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্র থেকে এত বেশি আমদানি করছে এবং দুই দেশের সম্পর্ক বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছে, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমর্থন না এলে আর কখন আসবে। তিনি প্রত্যাশা করেন, যে সহায়তাগুলো নিয়ে আলোচনা হয়েছে তা দ্রুত পাওয়া উচিত।



























