রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে বুধবার রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছিল, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি সিএনজির ওপর পড়ায় চালক আহত হন। তিনি আরও জানান, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তবে আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।
ঘটনার পর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাদুঘরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। তিনি বলেন, জাদুঘরের বাইরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে তারা সচেষ্ট থাকবেন এবং এই ঘটনার মাধ্যমে গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি আরও ঘৃণিত হবে বলে মন্তব্য করেন।



























