নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনের সময় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখতে হবে। এছাড়া পাঠচক্র ও বই পড়ার প্রতিযোগিতার মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর তিনি জোর দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে লালন উৎসব ও নজরুলবর্ষকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত আয়োজিত শীতকালীন সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন কর্মসূচির বিষয়ে তাঁকে অবহিত করা হয়। এই উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, প্রযুক্তির কল্যাণে তরুণ প্রজন্ম বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে, তবে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে যাওয়া যাবে না। কীভাবে নিজস্ব সংস্কৃতি আরও বেশি করে তরুণদের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে ভাবতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উপস্থিত সবারই কোনো না কোনো যোগ্যতা রয়েছে এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে যে ধরনের দেশ দেখতে চাই, সর্বোচ্চ প্রচেষ্টা দিলে অন্তত তার কিছুটা হলেও বাস্তবায়ন করা সম্ভব। দেশের জন্য কাজ করার সুযোগ সবাইকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























