টেক্সাসের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জেমস টালারিকোর প্রচারণায় সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশের কন্যা বারবারা বুশ। ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ৪৪ বছর বয়সী বারবারা বুশ গত ২৩ সেপ্টেম্বর ‘লোন স্টার রাইজিং’ নামক একটি পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে ২,৫০০ ডলার অনুদান দিয়েছেন, যা টালারিকোর প্রচারণাকে সমর্থন করছে।
রাজনৈতিক আইনজীবী অ্যান্ড্রু কেটস জানিয়েছেন, যদিও এই অনুদানের পরিমাণ টালারিকোর প্রচারণায় আসা কয়েক মিলিয়ন ডলারের তুলনায় খুব সামান্য, তবুও এর প্রতীকী গুরুত্ব অনেক। কেটস বলেন, এটি কোনো বিশাল অংকের অনুদান নয়, তবে রিপাবলিকান পার্টির মূল ধারার নেতৃত্ব কোথায় ঝুঁকছে এবং তারা এই নির্বাচনের গতিপ্রকৃতি কীভাবে দেখছে, তা এই সিদ্ধান্তের মাধ্যমে কিছুটা আঁচ করা যায়। তিনি আরও উল্লেখ করেন যে, বারবারা বুশ চাইলে তার এই অনুদান গোপন রাখতে পারতেন, কিন্তু তিনি তা করেননি।
বারবারা বুশের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও বারবারা বুশ দলীয় সীমানা পেরিয়ে কাজ করেছেন। ২০২৪ সালে তিনি পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। বারবারা বুশ বর্তমানে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গর্ভপাত ও প্রজনন অধিকারের পক্ষে কথা বলেছেন এবং গ্লোবাল হেলথ কর্পস-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি পিপল ম্যাগাজিনকে জানিয়েছিলেন যে, তিনি নিজেকে কোনো নির্দিষ্ট দলের সঙ্গে পরিচয় দেন না।
তার প্রয়াত দাদি ও সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ ২০১৮ সালে তার মৃত্যুর কয়েক মাস আগে ইউএসএ টুডেকে বলেছিলেন যে, তিনি নিজেকে আর রিপাবলিকান হিসেবে বিবেচনা করেন না। তিনি ডোনাল্ড ট্রাম্পের কারণে রিপাবলিকান পার্টিকে চিনতে পারছেন না বলেও মন্তব্য করেছিলেন। সুজান পেজের লেখা ‘দ্য ম্যাট্রিয়ার্ক’ বই অনুযায়ী, বারবারা বুশ ১৯৯০ সালে তার ব্যক্তিগত ডায়েরিতে ডোনাল্ড ট্রাম্পকে লোভী ও স্বার্থপর হিসেবে বর্ণনা করেছিলেন। বর্তমানে টেক্সাসের সিনেট নির্বাচনে জেমস টালারিকো ও রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং জরিপগুলোতে তাদের প্রায় সমান অবস্থানে দেখা যাচ্ছে।





























