দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। সরকারি তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই ৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম বিভাগেই মারা গেছেন ৩ জন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৬ জন, চট্টগ্রামে ২২৫ জন, সিলেটে ১৩৩ জন, বরিশালে ১৩৫ জন, ময়মনসিংহে ১০৭ জন, খুলনায় ৬০ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুর বিভাগে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।






























