যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি দেশটির বিচার বিভাগের (ডিওজে) কাছ থেকে আবারও ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) নতুন আদালতের নথি পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীন কোমির বিরুদ্ধে এটি তৃতীয় ফৌজদারি মামলা। তবে নতুন এই অভিযোগ প্রকাশের পরপরই তা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন আইন প্রয়োগকারী সংস্থার সাবেক এই শীর্ষ কর্মকর্তা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় কোমি নিজের নির্দোষিতার কথা পুনর্ব্যক্ত করেন এবং বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের জন্য ট্রাম্পের সমালোচনা করেন। ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, "বিচার বিভাগের এমন ভয়াবহ অপব্যবহার যদি না হতো, তবে বিষয়টিকে প্রায় হাস্যকর বলা যেত। এমন কোনো পরিস্থিতির সঙ্গে আমাদের অভ্যস্ত হওয়া উচিত নয়।" তিনি আরও যোগ করেন, "আমার জায়গায় কোনো পরিবর্তন হয়নি; আমি এখনো নির্দোষ এবং এই মানুষগুলোকে আমি ভয় পাই না।"
কোমির বিরুদ্ধে নতুন এই মামলাটি এমন এক সময়ে সামনে এল, যার মাত্র কয়েক ঘণ্টা আগে একটি আদালত নির্দেশ দেন যে জেমস কোমির মেয়ে মরিন কোমিকে ২০২৫ সালে বিচার বিভাগ থেকে বরখাস্ত করাটি বেআইনি ছিল। হার্ভার্ড ল স্কুলের গ্র্যাজুয়েট মরিন কোমি নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতে কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে তিনি কুখ্যাত জেফরি এপস্টাইনের সহযোগী জিলেইন ম্যাক্সওয়েল এবং সংগীতজগতের প্রভাবশালী ব্যক্তিত্ব শন "ডিডি" কম্বসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা দায়ের করেছিলেন।
এর আগে ২০২৫ সালের এপ্রিল ও সেপ্টেম্বর মাসেও ট্রাম্প প্রশাসনের অধীনে বিচার বিভাগ জেমস কোমির বিরুদ্ধে মামলা করেছিল। প্রথম মামলায় কোমির বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হলেও পরবর্তীতে বিচারক তা খারিজ করে দেন। অন্যদিকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মামলাটি এখনো চলমান রয়েছে। সেই মামলায় অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্রের ঝিনুক দিয়ে লেখা "৮৬৪৭" (8647) নম্বরের একটি ছবি শেয়ার করে কোমি ট্রাম্পকে ক্ষতির হুমকি দিয়েছিলেন।
নতুন এই ফৌজদারি মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানতে বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যম ইউএসএ টুডে। ভিডিও বার্তার শেষ অংশে কোমি তার সমর্থকদের মার্কিন শাসনব্যবস্থা এবং এর স্বাধীন বিচার বিভাগের প্রতি আস্থা না হারানোর আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের সোজা হয়ে দাঁড়ানো এবং আমেরিকার প্রতি বিশ্বাস বজায় রাখা খুবই জরুরি।"




























