আকাশে দৃষ্টিনন্দন ফানুসের রোশনাই আর বাঁকখালী নদীতে ভেসে চলা কল্পজাহাজ—সব মিলিয়ে উৎসবমুখর আবহে উদ্যাপিত হয়েছে কক্সবাজারের রামুর প্রবারণা পূর্ণিমা। তবে বৌদ্ধ ধর্মীয় এই ঐতিহ্যবাহী উৎসবের আনন্দ আয়োজনের মাঝে এবার বিশেষভাবে জোরালো হয়ে উঠেছে এক দশক আগে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার বিচারের দাবি। ২০১২ সালে রামুতে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে সংঘটিত ভাঙচুর ও লুটপাটের ন্যায়বিচারের প্রত্যাশা ফুটে উঠেছে ভাসমান কল্পজাহাজগুলোর চিত্রকর্ম, আর্ট ও গ্রাফিতিতে।
উৎসবের মূল অংশে সোমবার বিকেলে রামুর বাঁকখালী নদীর চরে সাতটি সুসজ্জিত ও বর্ণিল জাহাজ নিয়ে অংশ নেন আয়োজকেরা। রংবেরঙের নকশায় সাজানো এসব জাহাজে ২০১২ সালের সহিংসতার বিচার চেয়ে বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়। জলতরঙ্গে জাহাজের ভেসে চলা এবং সমবেত মানুষের সমাগমে সেখানে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। এর আগে রোববার সন্ধ্যা থেকেই রামুর আকাশে ওড়ানো হয় শত শত ফানুস।
উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাজভাসা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. সুকোমল বড়ুয়া কর্মসূচির উদ্বোধন করেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ২০১২ সালে রামুর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার সুনিশ্চিত করতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান। একই সঙ্গে চলমান মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনগত বিচারের আওতায় আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বক্তব্যে তিনি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
রামু সরকারি কলেজের শিক্ষক মানসি বড়ুয়া ও জাহাজভাসা উদ্যাপন পরিষদের সমন্বয়ক অর্পন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। এছাড়াও বৌদ্ধ ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা পেশার মানুষ এই আনন্দ আয়োজনে অংশ নেন।
প্রবারণা পূর্ণিমার ধর্মীয় ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরে জাহাজভাসা উদ্যাপন পরিষদের সমন্বয়ক অর্পন বড়ুয়া জানান, ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী মহামতি গৌতম বুদ্ধের বৈশালী থেকে রাজগৃহে (রাজগির) ফিরে আসার পুণ্য স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই রামুতে প্রতিবছর এই ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উৎসব আয়োজন করা হয়।





























