ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ডাকা দিনব্যাপী ধর্মঘটের কারণে এক ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিনভর চলা এই ধর্মঘটের ফলে অ্যাম্বুলেন্স সেবা থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের জরুরি বিভাগ, কলেজ গেট ও নতুন ভবনসহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স উপস্থিত থাকলেও অনেক চালক এদিন রোগী পরিবহনে অস্বীকৃতি জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটে অংশ নেওয়া মালিক সমিতির অ্যাম্বুলেন্স এবং অন্য কোনো অ্যাম্বুলেন্সকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সঙ্গে, সরকারি অ্যাম্বুলেন্সগুলোকেও খুব একটা রোগী পরিবহন করতে দেখা যায়নি। ফলে ঢাকার বাইরে থেকে আসা রোগী এবং স্বজন হারানো পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
হাসপাতালের মেঝে ও বারান্দায় দীর্ঘ সময় ছোটাছুটি করেও অ্যাম্বুলেন্স না পেয়ে অসহায় স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে গিয়ে স্বজনদের চরম উদ্বেগ ও বিপাকে পড়তে হয়। অনেকে ৪-৫ ঘণ্টা, এমনকি ৭-৮ ঘণ্টা অপেক্ষার পরও অ্যাম্বুলেন্স না মেলায় বাধ্য হয়ে মরদেহ ও অসুস্থ রোগীদের বাড়িতে নিতে পিকআপ ভ্যান, রিকশা, ভ্যান কিংবা সিএনজিচালিত অটোরিকশার মতো বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে বাধ্য হন।



























