পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কাঁচামালসহ ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার কৈডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পাবনা জেলা এনএসআই-এর দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অভিযুক্তদের এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কৈডাঙ্গা গ্রামের আবুল বাশার ও মো. সবুজ। এর মধ্যে আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা না দিলে তাকে আরও এক মাসের কারাদণ্ড খাটতে হবে।
অভিযান চলাকালে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল, ভাঙ্গুড়ার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন এবং ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করেন।































