ইউরোপের অন্তত সাতটি দেশের ডজনডজন সুপারমার্কেটে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। ইন্টারনেট-সংযুক্ত রেফ্রিজারেটর এবং ফ্রিজিং ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো এই হামলায় হিমায়িত ব্যবস্থা বিকল হয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়ে গেছে।
বেলজিয়াম ও লাক্সেমবার্গের প্রায় ৪০টি ডেলহেইজ সুপারমার্কেট এই হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের বেশ কিছু দোকানেও একই ধরনের বিপর্যয় ঘটেছে।
আক্রান্ত রেফ্রিজারেটর প্রস্তুতকারক বেলজিয়ান প্রতিষ্ঠান সাবকোবেল জানিয়েছে, সাইবার হামলাকারীরা এসব ইউনিটের ইভাপোরেটরগুলোকে ‘ডিফ্রস্ট’ মোডে পাঠিয়ে দেয়। এর ফলে ফ্রিজগুলো ঠান্ডা হওয়ার বদলে উল্টো গরম হতে শুরু করে। বেশ কিছু দোকানের ফ্রিজ ও ডিপফ্রিজের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছে যায়।
ধারণা করা হচ্ছে, গত অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে যে কৌশলে হামলা চালিয়ে লাখ লাখ ইউরোর খাবার নষ্ট করা হয়েছিল, এবারও একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
বেলজীয় সংবাদ সংস্থা বেলগাকে সাবকোবেলের প্রধান নির্বাহী স্টিফান মোয়েলান্স জানান, এটি একটি সুনির্দিষ্ট সাইবার হামলা ছিল। ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোকে দ্রুত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করতে তাদের কর্মীরা দিন-রাত কাজ করেছেন।
তিনি আরও বলেন, অক্টোবরের ফরাসি হামলার পর থেকেই তাদের সিস্টেম সুরক্ষিত করার কাজ চলছিল। তবে নিরাপত্তা নিশ্চিত করতে কেবল সফটওয়্যার আপডেট যথেষ্ট নয়, বরং যন্ত্রাংশে শারীরিক বা হার্ডওয়্যারভিত্তিক পরিবর্তন প্রয়োজন।
বর্তমানে ইউরোপের বেশিরভাগ সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থা ইন্টারনেটের মাধ্যমে দূর থেকেই রক্ষণাবেক্ষণ করা হয়। নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার করাই এই সমস্যা সমাধানের সবচেয়ে সহজ পথ বলে জানান তিনি।
এই সাইবার হামলায় ইউরোপজুড়ে খুচরা ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। উত্তর বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চলের হোইলার্ট শহরের একটি ডেলহেইজ শাখা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, কেবল তাদের দোকানেই প্রায় ১ লাখ ইউরো (৮৩,৫০০ পাউন্ড) মূল্যের পচনশীল পণ্য নষ্ট হয়েছে।
দোকান বন্ধ থাকার কারণে অতিরিক্ত ক্ষতি হিসাব করলে এই অঙ্ক আরও বড় হবে। ফরাসি সুপারমার্কেট চেইন ক্যারেফোর জানিয়েছে, বেলজিয়ামে তাদের ১৫টি শাখা প্রভাবিত হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সব দোকান খোলা রাখা সম্ভব হয়েছে।
এছাড়া স্পার ব্র্যান্ড পরিচালনকারী কোলরুইট গ্রুপ জানায়, তাদের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দোকানের ফ্রিজ সিস্টেমে হামলা চালানো হয়েছে। সুইডিশ আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইকেয়া জানিয়েছে, বেলজিয়ামের মনস শহরের তাদের একটি বিক্রয়কেন্দ্রের কোল্ড স্টোরেজ আক্রান্ত হয়েছে এবং অন্যান্য শাখায়ও এর প্রভাব পড়ার আশঙ্কা তারা উড়িয়ে দিচ্ছে না।
সুইডেনে আইসিএ এবং কুপ চেইনের একাধিক দোকানে এই হামলা আঘাত হানে। আইসিএ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাদের কেন্দ্রীয় নেটওয়ার্কের বাইরে পরিচালিত অল্প কিছু দোকান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সজোবো শহরের একটি শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, রাতে তাদের ফ্রিজগুলো হ্যাক করে তাপমাত্রা ৫০ ডিগ্রিতে তুলে দেওয়া হয়েছিল। তবে সাময়িক বন্ধ রাখার পর শাখাটি আবার চালু করা হয়েছে।
সুইডেনের কুপ চেইনের ৮০০টি শাখার মধ্যে ৭টিতে সমস্যা দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে বলে বিবিসিকে জানানো হয়েছে। অন্যদিকে ফিনল্যান্ডের কে-স্টোরসগুলোতেও একই সমস্যা দেখা গেছে। প্রতিষ্ঠানটির মালিকানা সংস্থা কেসকো জানিয়েছে, তাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা বিষয়টি তদন্ত করছেন।
আয়ারল্যান্ডে সুপারভালু চেইনের ১৩টি সুপারমার্কেট সাইবার হামলার শিকার হয়। চেইনটির মালিক মাসগ্রেভ গ্রুপ আইরিশ টাইমসকে জানিয়েছে, তাদের হিমায়ন ব্যবস্থার একটি ‘নির্দিষ্ট মডেল’ এই হামলার শিকার হয়েছে। নেদারল্যান্ডসের ড্যানিশ যন্ত্রাংশ প্রস্তুতকারক ড্যানফস ডাচ পাবলিক রেডিও এনওএস-কে জানিয়েছে, রাতে অন্তত ১৭টি প্রতিষ্ঠানের কুলিং সিস্টেমে হামলা হয়েছে, যার মধ্যে মাংসের দোকান ও স্থানীয় ছোট দোকান রয়েছে।
এস্তোনিয়ায় সেলভার সুপারমার্কেটসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে বলে ইআরআর সূত্রে জানা গেছে।
বর্তমানে বেলজিয়াম ও সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) জানিয়েছে, তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছে, তবে যুক্তরাজ্যে এখনও কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে রেফ্রিজারেশন ব্যবস্থার রহস্যজনক বিভ্রাটের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পেছনে সাইবার হামলা ছিল কি না এবং ইউরোপের সাম্প্রতিক আক্রমণের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা মার্কিন ও ফরাসি কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত করে দেখছে।





























