চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩৮ জন নেতাকর্মী রয়েছেন। বাকি ছয়জন মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন। রোববার সকালে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ৩৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জে ৮ জন, কচুয়ায় ৬ জন, হাজীগঞ্জে ৪ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ২ জন এবং শাহরাস্তি থানায় ২ জন রয়েছেন। এর আগে শুক্রবার রাতে পৃথক অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলটির আরও ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে, বিশেষ অভিযানে মাদকবিরোধী পদক্ষেপের পাশাপাশি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২৫ কিশোরকে আটক করা হয়। তবে যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




























