কপ৩১ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ বিকেল ৪টা ৩ মিনিটে তিনি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে আন্তালিয়ায় পৌঁছায়। বিমানবন্দরে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম এবং দুই শিশু তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ রিসোর্টে অবস্থান গ্রহণ করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল ও পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলনে ১২ নভেম্বর প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর দায়বদ্ধতা, অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানান গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্যমতে, সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হচ্ছে। এছাড়া গ্রিন জোনে বাংলাদেশের পাট-প্যাভিলিয়ন স্থাপন এবং ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নিচ্ছে এবং শুক্রবার ১৩ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।




























