মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকায় আসছেন। জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তিনি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।
সফরকালে কেলি কারি মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির ওপর বাংলাদেশের ওপর কী প্রভাব পড়ছে, তা মূল্যায়ন করবেন। বিশেষ করে রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেবেন।
সফরের অংশ হিসেবে জাতিসংঘের এই বিশেষ দূত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী মানুষ এবং বেঁচে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন। তাঁর এই সফরের তালিকায় ঢাকা ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে তিনি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন।
এর আগে কেলি কারি মিয়ানমার সফরের জন্য দেশটির কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিলেন। তবে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে যে, এই মুহূর্তে তারা তাঁর সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।
বাংলাদেশ সফর শেষ করে আগামী ১৮ নভেম্বর বুধবার দুপুর ২টায় ঢাকার জাতিসংঘ ভবনে একটি সংবাদ সম্মেলন করবেন কেলি কারি। সেখানে তিনি সফরকালে প্রাপ্ত তাঁর পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।



























