সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে জব্দ করে রাখা কয়লাবোঝাই একটি কার্গোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে কার্গোটির ভেতরে থাকা কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে পাম্প মেশিন বসিয়ে পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, রেঞ্জ অফিসসংলগ্ন ভোলা নদীতে নোঙর করে রাখা কার্গোটি থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা দ্রুত ব্যবস্থা নেন। বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এখন কার্গো থেকে দ্রুত কয়লা খালাসের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম জানিয়েছেন, কার্গোর নিচের অংশে কয়লার উত্তাপ থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছিল, যা থেকে ধোঁয়া নির্গত হচ্ছিল। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বন বিভাগকে দ্রুত কয়লা খালাসের পরামর্শ দেওয়া হয়েছে।
শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শ্যামাপ্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর বিকেলে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশিয়া থেকে আনা ২৩০ টন কয়লাবোঝাই এই মিনি কার্গোটি জব্দ করা হয়। ওই সময় কার্গোতে থাকা ৯ জনকে আটক করা হয়েছিল। আটককৃতরা মোংলার জয়মনি এলাকার একটি মাদার ভ্যাসেল থেকে অবৈধভাবে কয়লা সংগ্রহ করে সুন্দরবনের ভেতর দিয়ে পাচারের চেষ্টা করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়ের করে কার্গোসহ পুলিশে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, জব্দ করা কার্গোর কয়লা সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় নামানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





























