ডাব্লিউবিবিএল (নারী বিগ ব্যাশ লিগ) ২০২৬-এ নিজেদের অপরাজিত থাকার ধারা বজায় রেখেছে পার্থ স্কর্চার্স। বুধবার (১১ নভেম্বর) ডাব্লিউএসিএ (WACA) গ্রাউন্ডে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে সিডনি থান্ডারকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে দলটি। সিডনি থান্ডারের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে পার্থ।
ম্যাচে পার্থের জয়ে অলরাউন্ড ভূমিকা রাখেন ক্লোই এইন্সওয়ার্থ। বোলিংয়ে নিজের প্রথম ওভারেই উইকেট শিকারের পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ১৫ রানে অপরাজিত থাকেন এইন্সওয়ার্থ। রান তাড়ায় কৃপণ বোলিং করা লরেন বেলের ওভারে তিনি দুটি চার মারেন। ক্লোই প্যাপারোর সাথে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৮.৩ ওভারে স্কর্চার্সকে জয়ের বন্দরে পৌঁছে দেন এইন্সওয়ার্থ। প্যাপারো ২০ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিডনি থান্ডার। ইনিংসের শুরুতেই জর্জিয়া ভোলকে আউট করেন এইন্সওয়ার্থ। এরপর অধিনায়ক ফিবি লিচফিল্ডকে সস্তায় প্যাভিলিয়নে ফেরান ফাতিমা সানা। ১৮ রানে ২ উইকেট হারানোর পর দলের ইনিংস সামাল দেন আনিকা লিয়ারয়েড ও হেদার নাইট। এই জুটি তৃতীয় উইকেটে ৮৪ বলে ১২৮ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়ে তোলেন।
নাইট অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে ৪৬ বলে ১২টি চারের সাহায্যে ৭১ রান করেন। অন্যদিকে লিয়ারয়েড ৪৪ বলে ৫৩ রানের একটি ইনিংস উপহার দেন। কিন্তু মাত্র ২ বলের ব্যবধানে এই দুই সেট ব্যাটারই আউট হলে থান্ডারের বড় সংগ্রহের গতি থমকে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে তারা। পার্থের পক্ষে ফাতিমা সানা ২৬ রানে ১টি এবং ক্লোই এইন্সওয়ার্থ ২২ রানে ১টি উইকেট নেন।
১৬০ রানের জবাবে পার্থ স্কর্চার্সের সূচনা ছিল ঝোড়ো। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান ইনেস ম্যাককিওন, তবে পরের বলেই স্যামান্থা বেটসের বলে এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে ক্যাটি ম্যাক (২৭ বলে ৩১) এবং সোফি ডিভাইন (৩২ বলে ৩৭) ৭৯ রানের জুটি গড়ে রান তাড়াকে সহজ করেন। তবে ১০ম থেকে ১৫শ ওভারের মধ্যে পার্থ ৪১ রানের ব্যবধানে ৪টি উইকেট হারিয়ে বিপদে পড়ে। মাঝে মিকায়লা হিঙ্কলি ১৬ বলে ২৪ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ পর্যন্ত ১৩৩ রানে ৬ উইকেট হারানোর পর এইন্সওয়ার্থ ও প্যাপারো দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। সিডনি থান্ডারের লরেন বেল ২৬ রানে ১টি উইকেট পান।






























