পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে কৃষকদের কাছে বিক্রি না করে অবৈধভাবে সার গুদামজাত করে রাখার অভিযোগে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালনায় পরিচালিত এক অভিযানে এই অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান। অভিযান পরিচালনাকালে চাটমোহর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালত মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এই জরিমানা করেন। জরিমানার পাশাপাশি মজুদ রাখা ৮০ বস্তা সার কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছাইকোলা বাজারে তালিকাভুক্ত সার ডিলাররা সাধারণ কৃষকদের কাছে সার বিক্রির কার্যক্রম পরিচালনা করছিলেন। ওই সময় মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও ডিলার কৃষকদের কাছে বিক্রি না করে ৮০ বস্তা সার গোপন অন্য একটি গুদামে সরিয়ে রাখেন। সার না দিয়ে সরিয়ে রাখার বিষযটি নজরে এলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেয় প্রশাসন।
কৃষি কর্মকর্তা কৃষিবীদ কুন্তলা ঘোষ জানান, কৃষকদের স্বার্থ সংরক্ষণ করা, বাজারে সারের সুষম সরবরাহ বজায় রাখা এবং যে কোনো ধরনের কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ প্রতিরোধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





























