দেশের অর্থনীতি কিছুটা চাপে থাকলেও তা সঠিক পথেই রয়েছে এবং ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা ও কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যেই চূড়ান্ত রূপ পাবে বলে তিনি আশা করছেন।
রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, আয়কর ও শুল্ক উভয় খাত থেকেই প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের ক্ষেত্রে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। এক মাসের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে এলে ভ্যাট আদায়ের ক্ষেত্রেও ঊর্ধ্বমুখী গতি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম প্রান্তিকের পর পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব পরিস্থিতি ইতিবাচক হবে এবং সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করা সম্ভব হবে।
নতুন বেতন কাঠামোর কারণে সরকারি ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব আয়ের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক। সরকার সবকিছু চুলচেরা হিসাব-নিকাশ করেই পরিচালনা করছে এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। হিসাবের বাইরে বা অপ্রয়োজনীয় কোনো ব্যয় করা হচ্ছে না।





























