বাংলাদেশের সঙ্গে তুরস্কের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এখন আরও জোরদার ও প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার পথে। দুই মাসের ব্যবধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অনুষ্ঠিত দুটি উচ্চপর্যায়ের বৈঠক ঢাকা ও আঙ্কারার মধ্যকার সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে যাচ্ছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম সাক্ষাতের পর চলতি নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় আন্তর্জাতিক ফোরামের ফাঁকে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন দুই শীর্ষ নেতা। এই আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ে অগ্রগতির পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপট স্থান পায়। আন্তালিয়ায় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান।
চলতি মাসের ১০ নভেম্বর আন্তালিয়ার বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খনিজ সম্পদ, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে বহুমুখী করার পাশাপাশি বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুর্কি বিনিয়োগের ওপর বিশেষভাবে জোর দেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী ও সম্মানজনক সমাধানের বিষয়ে যৌথ প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় তুরস্কের জোরালো অবস্থান ও কক্সবাজারে পরিচালিত তুর্কি ফিল্ড হাসপাতালসহ মানবিক সহায়তা কার্যক্রমে দেশটির ভূমিকার কথা তুলে ধরা হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মাঝামাঝি সময় থেকেই উভয় দেশের সম্পর্কে ইতিবাচক মোড় ঘুরতে শুরু করেছিল। একাত্তরের মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ২০১৬ সালে আঙ্কারা ঢাকায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলে উভয় দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। তবে বাংলাদেশের সংযত মনোভাবের পর দুটি রাজনৈতিক ঘটনা এই বরফ গলাতে ভূমিকা রাখে। প্রথমটি ২০১৬ সালের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরপরই প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়ে ঢাকার পাঠানো বার্তা; এবং দ্বিতীয়টি ২০১৭ সালের সেপ্টেম্বরে রোহিঙ্গা সংকটের পর তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন। পরবর্তী সময়ে তুরস্কের তত্ক্ষণাৎ প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাংলাদেশ সফর করেন, যা দ্বি-পাক্ষিক রাজনৈতিক বোঝাপড়াকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করায়।
২০১৯ সালে তুরস্কের 'এশিয়া এনিউ' উদ্যোগের সূচনার পর এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার নীতির অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা যোগাযোগ জোরদার করে আঙ্কারা। দ্বিপক্ষীয় বাণিজ্যে এর প্রতিফলন দেখা যায়। ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য পৌঁছায় প্রায় ১৩৫ কোটি ডলারে, যা নিকট ভবিষ্যতে ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বেসরকারী খাতের প্রধান বিনিয়োগগুলোর মধ্যে রয়েছে ২০২০ সালে তুর্কি প্রতিষ্ঠান আর্সেলিক কর্তৃক প্রায় ৭৫ মিলিয়ন ডলারে সিঙ্গার বাংলাদেশের অধিকাংশ শেয়ার ক্রয় এবং তুরস্কের এলপিজি কোম্পানি আইগ্যাজের সঙ্গে বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের ১০০ মিলিয়ন ডলারের যৌথ উদ্যোগ। ব্যবসায়ী নেতাদের মতে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স ও জ্বালানি খাতে দুই দেশের বাণিজ্য পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন করা তুরস্ক বাংলাদেশের অস্ত্র সরবরাহে গুরুত্বপূর্ণ বিকল্প উৎসে পরিণত হয়েছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, সাঁজোয়াযান ও নৌযানের মতো উন্নত সামরিক প্রযুক্তি তৈরিতে অগ্রগতি অর্জন করা আঙ্কারার কাছ থেকে ২০২১ সালে বাংলাদেশ প্রায় ৬ কোটি ডলারের সমরাস্ত্র কেনে, যার মধ্যে রয়েছে রকেটসানের টিআরজি-৩০০ কাপলান মিসাইল সিস্টেম। সে বছরই তৎকালীন সেনাপ্রধানের আঙ্কারা সফর এবং পরবর্তীতে ২০২৩ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত ৩য় বাংলাদেশ-তুরস্ক সামরিক সংলাপে প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার বিষয়গুলো গতি পায়।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলেও এই কৌশলগত যোগাযোগে কোনো ছেদ পড়েনি। ২০২৫ সালের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাতের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর, এপ্রিলে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের অর্থনৈতিক আলোচনা এবং অক্টোবরে তুর্কি উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজির ৪র্থ রাজনৈতিক পরামর্শ বৈঠকে অংশগ্রহণ এর প্রমাণ। প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে ২০২৫ সালের জুলাইয়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন ঢাকা সফর করে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। একই বছরের অক্টোবরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ২০২৬ সালের জুলাইয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ৫ দিনের তুরস্ক সফর দুই দেশের সামরিক সহযোগিতা বেগবান করে।
নতুন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক যোগাযোগ আরও বেগবান হয়। ফেব্রুয়ারিতে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তুর্কি উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজির উপস্থিতি, মার্চে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম দ্বিপক্ষীয় তুরস্ক সফর এবং জুনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত ধাপে প্রবেশ করে। ফিদানের সফরে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক যৌথ কমিটি গঠন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সমন্বয়ে 'টু প্লাস টু' কাঠামোর বৈপ্লবিক ঘোষণা দেওয়া হয়। নিউইয়র্কে ২২ সেপ্টেম্বরের শীর্ষ বৈঠকের পর ১০ নভেম্বরের আন্তালিয়া বৈঠক প্রমাণ করে যে, সরকার পরিবর্তনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান ও বঙ্গোপসাগরকেন্দ্রিক গুরুত্বকে প্রাধান্য দিয়ে ঢাকা-আঙ্কারা সম্পর্ক দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায়ে দাঁড়িয়েছে।





























