আপত্তি সত্ত্বেও চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের (সিএনইই) তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ বসানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটিতে এককভাবে উচ্চমূল্যের প্রস্তাব নিয়ে মন্ত্রিসভার একজন সদস্য আপত্তি জানালেও প্রভাবশালীদের চাপে তা ধোপে টেকেনি।
এর আগে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে উচ্চমূল্যের কারণে সিএনইই’র এই একক প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে ফেরত পাঠানো হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার কয়েকজন সদস্য জানান, সেই একই সারসংক্ষেপ বৃহস্পতিবার পুনরায় উত্থাপন করা হয়। একজন সিনিয়র মন্ত্রী প্রশ্ন তুলে বলেন, 'এত ভালো ভালো কোম্পানির প্রস্তাব থাকতে কেন সরকার অনেক বেশি দামের প্রস্তাব গ্রহণ করবে? এতে তো দেশের ক্ষতি হবে।' তার এই বক্তব্যের পর মন্ত্রিসভার কয়েকজন সিনিয়র সদস্য 'প্রসিড' বলে চিৎকার শুরু করলে অন্য সদস্যদের আর কথা বলার সুযোগ থাকেনি। পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব অন্য এজেন্ডায় চলে যান।
এই বিষয়ে জ্বালানি সচিব মো. জিয়াউল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। জ্বালানি বিভাগের অন্যান্য কর্মকর্তাদের মতে, সিএনইই’র বিষয়টি নিয়ে কথা না বলার জন্য ওপর থেকে নির্দেশ রয়েছে। একটি সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে তুরস্ক সফরে থাকায় এই সুযোগে একটি মহল প্রস্তাবটি অনুমোদন করিয়ে নিয়েছে। প্রকল্পটি সঠিকভাবে যাচাই-বাছাই না হলে ভবিষ্যতে এটি অস্বচ্ছ প্রকল্প হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা রাজনৈতিক ইস্যুও হতে পারে।
প্রস্তাবিত এই প্রকল্পের আর্থিক বোঝা বেশ স্পষ্ট। বর্তমানে সামিট গ্রুপ রিগ্যাসিফিকেশনের জন্য দৈনিক দুই লাখ ৫১ হাজার ৪০৫ ডলার এবং মার্কিন কোম্পানি এক্সিলারেট দুই লাখ ৫৪ হাজার ডলার চার্জ নেয়। সেখানে সিএনইইকে পেট্রোবাংলা দেবে দৈনিক তিন লাখ ৪২ হাজার ডলার। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের মডেলের এই জাহাজটি ১৫ বছর ব্যবহারের জন্য সরকারকে ১ দশমিক ৮৭২ বিলিয়ন ডলার বা ২৩ হাজার ৩১ কোটি টাকা ব্যয় করতে হবে। ২০ বছর ব্যবহার করলে এই খরচ দাঁড়াবে ২৯ হাজার ৫৪০ কোটি টাকা। সামিটের বর্তমান এফএসআরইউ’র তুলনায় সিএনইইকে ১৫ বছরে ছয় হাজার ৩০০ কোটি টাকা বেশি দিতে হবে।
জ্বালানি বিভাগ এই প্রস্তাবটিকে সরকারি পর্যায়ে (জিটুজি) অনুমোদনের সুপারিশ করেছিল। তবে বিভাগটি স্বীকার করেছে যে, চীনের সঙ্গে জ্বালানি খাতে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) নেই। ১৭ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সংশোধিত এমওইউ স্বাক্ষরের জন্য পাঠানো হলেও তা এখনো স্বাক্ষরিত হয়নি। যদিও চীনের ঢাকাস্থ দূতাবাস থেকে সিএনইই একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মর্মে প্রত্যয়নপত্র পাঠিয়েছে, যার ভিত্তিতে জিটুজি দাবি করা হচ্ছে।
এর আগে তৃতীয় এফএসআরইউ বসানোর জন্য সামিটের সঙ্গে চুক্তি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। সামিট দৈনিক তিন লাখ ডলার চার্জে টার্মিনাল বসাতে রাজি ছিল। সামিটের চুক্তি বাতিলের পর সৌদি আরামকোসহ চারটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হলেও শেষ পর্যন্ত সিএনইই’র প্রস্তাব গৃহীত হয়। সিএনইই’র ভাসমান টার্মিনাল বসানোর অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও জ্বালানি বিভাগ জানিয়েছে, তাদের টার্মিনালের গ্যাস মজুত ক্ষমতা এক লাখ ৭৪ হাজার মিটার, যেখানে সামিট ও এক্সিলারেটের ক্ষমতা এক লাখ ৭০ হাজার মিটার। এছাড়া সিএনইই’র জাহাজটি ২০১৬ সালে নির্মিত হওয়ায় ইউনিট প্রতি ৫ থেকে ১০ সেন্ট খরচ কম হতে পারে বলে দাবি করা হচ্ছে। তবে চুক্তি অনুযায়ী ১৫ বছর পর সামিট ও এক্সিলারেট টার্মিনাল হস্তান্তর করলেও সিএনইই তাদের জাহাজ চুক্তির মেয়াদ শেষে দেশে ফিরিয়ে নিয়ে যাবে। দেশে এখন দৈনিক ৪৮০ কোটি ঘনফুটের মতো গ্যাসের চাহিদা আছে, কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ২৬০ কোটি ঘনফুট। এর মধ্যে আবার ১০০ কোটি ঘনফুট এলএনজি আমদানি করে দুটি এফএসআরইউ’র মাধ্যমে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। পেট্রোবাংলা জানিয়েছে দেশীয় গ্যাসের উৎপাদন কমছে, তাই তৃতীয় ভাসমান টার্মিনালের বিকল্প নেই, যা ২০২৮ সালের ডিসেম্বরের আগে আসবে বলে মনে করেন না জ্বালানি বিভাগের কর্মকর্তারা।
কেন একক প্রস্তাব : তৃতীয় এফএসআরইউ বসাতে সামিটের সঙ্গে চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার। সেই চুক্তি অনুযায়ী সামিট দৈনিক তিন লাখ ডলার চার্জে টার্মিনাল বসাতে রাজি ছিল। সামিটের সঙ্গে চুক্তি বাতিলের পর টার্মিনাল বসাতে বিভিন্ন প্রক্রিয়ায় সৌদি আরামকোসহ চারটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়। জ্বালানি বিভাগ সেগুলো আমলে নিয়ে সিএনইই’র প্রস্তাব গ্রহণ করে। জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিযোগিতামূলকভাবে এফএসআরইউ বসাতে ৬-৭ মাস সময় লাগবে। এ ছাড়া এটি বসাতে আরো ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। তখন কারিগরি ও আর্থিকভাবে ওই আগ্রহী কোম্পানির সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই। কিন্তু জিটুজির ভিত্তিতে এফএসআরইউ বসালে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে ২-৩ মাসে হবে। তবে জ্বালানি বিভাগের প্রস্তাব অনুযায়ী সিএনইই ওই এফএসআরইউ বসাতে ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত সময় নিতে পারে।
কেন সিএনইই’র প্রস্তাব গ্রহণ করল জ্বালানি বিভাগ : সিএনইই’র ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ বসানোর কোনো অভিজ্ঞতা নেই। এর পরও কেন তাদের প্রস্তাবে সাড়া দেওয়া হলো-এ ব্যাপারে মন্ত্রিসভাকে জ্বালানি বিভাগ জানিয়েছে, সামিট ও এক্সিলারেটের টার্মিনালের চেয়ে সিএনইই’র প্রস্তাব তুলনামূলক বেশি। কিন্তু সিএনইই’র এফএসআরইউ’র ধারণ বা গ্যাস মজুত ক্ষমতা এক লাখ ৭৪ হাজার মিটার। আর সামিট ও এক্সিলারেটের হচ্ছে এক লাখ ৭০ হাজার মিটার। এক্সিলারেট ২০১০ এবং সামিটের টার্মিনালের জাহাজ ২০১২ সালে নির্মিত। সেখানে সিএনইই’র জাহাজ হবে ২০১৬ সালে নির্মিত। এ কারণে প্রতি ইউনিট এলএনজিতে ০৫ সেন্ট থেকে ১০ সেন্ট খরচ কম হতে পারে।






























