সংযুক্ত আরব আমিরাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের ঠিক আগে ফুজাইরাহর প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় সড়কে যানবাহনের গতি ছিল ধীর। প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি উল্টে গিয়ে সামনে থেমে থাকা অন্যান্য যানবাহনের ওপর আছড়ে পড়ে।
এই ঘটনায় মোট ২৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে পাঁচটিই ছিল ট্রাক। সংঘর্ষের পর ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন দ্রুত আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডেই প্রাণহানির ঘটনা ঘটে।
ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অর্ধেক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এবং বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।






























