দীর্ঘ ৮৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের গঠনতন্ত্রে আমূল পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দলটি নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। এই পরিবর্তনের অংশ হিসেবে একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞরা যুক্ত হবেন। বিশেষ এই উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার জন্য জামায়াতের রুকন বা শপথধারী সদস্য হওয়ার কোনো বাধ্যবাধকতা থাকছে না। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ইতোমধ্যে এই বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, জামায়াতের নীতিনির্ধারকরা মনে করছেন, রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে এবং দলকে একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে শুধু দলীয় কর্মীদের ওপর নির্ভরশীল থাকা যথেষ্ট নয়। বর্তমানে জামায়াতের নীতিনির্ধারণী ফোরাম যেমন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যদের রুকন হওয়া বাধ্যতামূলক। এই কট্টর পন্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি কাজ করছে। এই কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং দলের নির্বাহী পরিষদ তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের জানান, বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে। তিনি বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সূত্রমতে, সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা এই পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন।
জামায়াত সূত্র আরও জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী সেক্টরে দলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, যার মধ্যে ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিক অঙ্গন উল্লেখযোগ্য। এসব ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়াতে দলটি কাজ করছে। সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে। আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। ৫শ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি নিয়ে হতে যাওয়া এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় একটি বিশাল টিম কাজ করছে, যেখানে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়া এবং জামায়াত ক্ষমতায় গেলে এসব সমস্যা কীভাবে মোকাবিলা করবে, তার টেকসই সমাধানও খোঁজা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া অনুযায়ী, উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদনের পর রুকন সম্মেলনে পাস হতে হবে। যদি কেন্দ্রীয়ভাবে সোয়া এক লাখ রুকনের সম্মেলন করা সম্ভব না হয়, তবে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমেও এই গঠনতন্ত্র সংশোধন করা হতে পারে।






























